Cyclone Dana: এখনই কাটবে না দানা-দুর্যোগ, ঘূর্ণিঝড়ের লেজের প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টির পূর্বাভাস
Cyclone Dana: ক্রমশ উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে ঘূর্ণিঝড় দানা (cyclone dana movement)। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঘূর্ণিঝড়ের অগ্রভাগ ইতিমধ্যেই ওড়িশার ভূপৃষ্ঠের অন্দরে প্রবেশ করেছে। অন্যদিকে, ভদ্রকের স্থলভাগ অতিক্রম করছে ঘূর্ণিঝড়ের লেজ (Tail of dana cyclone)। যার জেরে ব্যাপক বৃষ্টি ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলজুড়ে।
স্থলভাগের ভেতরে ঢুকে ক্রমশ শক্তিক্ষয় হচ্ছে ঘূর্ণিঝড় দানার। নতুন করে আর শক্তি সঞ্চয়ের সম্ভাবনা নেই। ঘণ্টায় ১১০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ থেকে শক্তিক্ষয়ের পর বর্তমানে ৯০ থেকে ১০০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বইছে। বর্তমানে পারাদ্বীপ (paradip) ব়্যাডারের আওতায় রয়েছে ঘূর্ণিঝড়।

তবে চিন্তা রয়েছে এখনও। ঘূর্ণিঝড়ের লেজের প্রভাবে ব্যাপক ঝড়বৃষ্টি (Thunderstorms) হতে পারে। ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর ও উত্তর পশ্চিমে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা। ছত্তীসগঢ় ও মধ্যপ্রদেশ অভিমুখী এগোবে ঘূর্ণিঝড় দানা।
অতি শক্তিশালী (Extremely Severe Cyclone) থেকে বর্তমানে সাধারণ ঘূর্ণিঝড়ে (Cyclonic Storm) পরিণত দানা। এরপর গভীর নিম্নচাপে পরিণত হবে দানা। তবে দুর্যোগের মেঘ কাটবে না এখনই। ঘূর্ণিঝড়ের লেজের ঝাপটায় রাজ্যের বেশকয়েকটি জেলায় প্রবল বৃষ্টি (Heavy Rain Forecast) হবে। সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে পূর্বাভাস।
রাজ্যের হাওড়া, হুগলি, কলকাতা, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হবে। পাশাপাশি, পূর্ব মেদিনীপুরে দুর্যোগপূর্ণ আবহাওয়া জারি থাকবে শুক্রবার বিকেল পর্যন্ত। ৯০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত হাওয়া বইবে পূর্ব মেদিনীপুরে। ১-২ মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়বে উপকূলে।
বাংলাতেও দানার দাপট। পূর্ব মেদিনীপুরে ভেঙে গিয়েছে বহু গাছ। মন্দারমণির বিভিন্ন এলাকায় নিচু এলাকায় ঢুকে গিয়েছে নোনা জল। দীঘা ও গঙ্গাসাগরে উত্তাল সমুদ্র। সাগরে ভারী বৃষ্টিতে জল ঢুকে প্লাবিত কপিল মুনির আশ্রম সংলগ্ন এলাকা।
ইতিমধ্যেই ঘূর্ণিঝড় দানার প্রভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সকাল সাড়ে সাতটা পর্যন্ত ডায়মন্ড হারবারে ৬৭ মিলিমিটার, দীঘায় ৩৭ মিলিমিটার, হলদিয়ায় ৬৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ওড়িশার চাঁদবালিতে ১৪৫.৮ মিলিমিটার, ভুবনেশ্বরে ২০.৪ মিলিমিটার, বালেশ্বর ৪৪.৮ মিলিমিটার ও পারাদ্বীপে ৭৬.৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে।












Click it and Unblock the Notifications