Cyclone Biparjoy: বিপর্যয়-তাণ্ডবের মধ্যে ভূমিষ্ঠ ৭০৭ নবজাতক, পুলিশকর্মীর শিশুকে বাঁচানোর ভিডিও দেখুন
Cyclone Biparjoy: বিপর্যয় মাথায় নিয়েই ভূমিষ্ঠ হলো সাত শতাধিক শিশু। গতকালই সাইক্লোন বিপর্যয় আছড়ে পড়ে গুজরাতের কচ্ছ জেলার জাখাউ বন্দরের কাছে। সরকারি তথ্য বলছে, কোনও মানুষের জীবনহানি ঘটেনি। শুধু ২৩ জন আহত হয়েছেন।
গুজরাত সরকার যেভাবে লাখখানেক মানুষকে নিরাপদ জায়গায় আগে থেকেই সরিয়ে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করেছিল, সে কারণে এত বড় প্রাকৃতিক দুর্যোগের পরেও জীবনহানি না ঘটা নিশ্চিতভাবেই সাফল্যের।

গুজরাত সরকারের তথ্য বলছে, যে এলাকাগুলিতে সাইক্লোন বিপর্যয়ের তাণ্ডব চালানোর পূর্বাভাস আগেই মিলেছিল, সেই ৮টি জেলা থেকে ১১৭১ জন সন্তানসম্ভবার মধ্যে ১১৫২ জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছিল। তাঁদের মধ্যে ৭০৭ জন মহিলা সন্তানের জন্ম দিয়েছেন। দিন-রাত এক করে কাজ করেছেন চিকিৎসক ও নার্সরা।
সবচেয়ে বেশি সন্তানসম্ভবাকে সরানো হয়েছিল কচ্ছ জেলা থেকে। ৩৪৮টি সাইক্লোন বেবির ভূমিষ্ঠ হয়েছে। রাজকোটে ভূমিষ্ঠ হয়েছে ১০০টি শিশু। দেবভূমি দ্বারকায় ৯৩টি শিশুর জন্ম হয়েছে। গুজরাতের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রেই সন্তানের জন্ম দিয়েছেন মায়েরা। ৩০২টি সরকারি গাড়ি, ২০২টি অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা ছিল।

সাইক্লোন বিপর্যয়ের ল্যান্ডফলের জেরে ৫১০০টি বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। বিদ্যুৎহীন হয়ে পড়ে ৪৬০০ গ্রাম। তার মধ্যে ৩৫৮০টি গ্রামে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ স্থাপন করা গিয়েছে। বাকি হাজারখানেক গ্রামেও দ্রুত বিদ্যুতের সমস্যা মেটাতে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে।
সাইক্লোনের জেরে ৬০০টি গাছ উপড়ে গিয়েছে। তিনটি রাজ্য সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছিল গাছ ভেঙে পড়ায়। এতে যানচলাচল ব্যাহত হয়। বেশ কিছু বাড়িরও ক্ষতি হয়েছে। গুজরাতের রিলিফ কমিশনার অলোককুমার পাণ্ডে জানান, সম্মিলিত প্রয়াসের জেরে যে বন্দোবস্ত করা হয়েছিল তাতে বিপর্যয় আছড়ে পড়েও জীবনহানি এড়ানো গিয়েছে।
"સેવા થકી સુરક્ષા સુનિશ્ચિત કરવા ભાણવડનું પ્રશાસન તંત્ર સજગ છે."
— Mulubhai Bera (@Mulubhai_Bera) June 15, 2023
પોલીસ તંત્ર દ્વારા બિપરજોય વાવાઝોડાની સ્થિતિને ધ્યાનમાં લેતા બરડા ડુંગરમાં ચાર દિવસ પહેલા પ્રસૂતિ થયેલી માતાને બાળક સાથે સુરક્ષિત સ્થળે સ્થળાંતરિત કરવામાં આવી.#CycloneBiporjoy pic.twitter.com/zF3tSyW9Pc
এরই মধ্যে ভাইরাল হয়েছে এক মহিলা পুলিশকর্মীর ৪০ সেকেন্ডের ভিডিও ফুটেজ। দ্বারকা জেলার ভাঁওয়াড় গ্রামের দৃশ্য এটি। বারদা দুঙ্গারে এক মা ৪ দিন আগে সন্তানের জন্ম দিয়েছিলেন। বিপর্যয় আছড়ে পড়ার আগে ঝড়-বৃষ্টির মধ্যেই এক মহিলা পুলিশকর্মী কোলে করে শিশুটিকে নিরাপদ জায়গায় নিয়ে যান।

এতে ওই পরিবার মহিলা পুলিশকর্মীর মহানুভবতায় খুশি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে। গুজরাতের মন্ত্রী মালুভাই বেরা একটি সংবাদমাধ্যমের ভিডিও ফুটেজ শেয়ার করে প্রশাসনের তৎপরতার প্রশংসা করেছেন। গুজরাতের ডিজিপি রিটুইট করে ভিডিওর সঙ্গে ক্যাপশনে লিখেছেন, সকলেই নিরাপদ হাতেই ছিলেন।












Click it and Unblock the Notifications