Manipur Situation: ৬ অপহৃতর দেহ উদ্ধার, অগ্নিগর্ভ মণিপুরে ৭ জেলায় জারি কারফিউ! বিধায়কদের বাড়িতে হামলা
Manipur Situation: ফের অশান্ত মণিপুর। গতকাল বিকেলে ৬ জনের দেহ উদ্ধারের ঘটনা ঘিরে প্রতিবাদে উত্তাল পরিস্থিতি। ৭ জেলায় জারি করা হলো কারফিউ।
বেশ কয়েকটি জেলায় বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা। জঙ্গিরা অপহরণ করে ওই ৬ জনকে খুন করেছে বলে অভিযোগ। দেহগুলি উদ্ধার হয়েছে জিরিবামে।

দফায় দফায় হিংসার ঘটনাকে কেন্দ্র করে ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, বিষ্ণুপুর, থৌবাল, কাকচিং, কাংপোকপি ও চূড়াচাঁদপুর জেলায় ইন্টারনেট পরিষেবা আপাতত ২ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। ইম্ফল উপত্যকার জেলাগুলির কয়েকজন বিধায়কের বাড়িতে হামলা চালিয়ে সম্পত্তি ধ্বংস করেছেন বিক্ষোভকারীরা।
জানা গিয়েছে, একদল জনতার রোষ আছড়ে পড়ে সাপাম নিশিকান্ত সিংয়ের বাড়িতে। বাড়ির গেট ও তার সামনে থাকা বাঙ্কার ধ্বংস করে দেওয়া হয়। তাঁরাই ইম্ফল পশ্চিম জেলায় বিধায়ক আরকে ইমোর সাগোলবান্ডের বাসভবনে হামলা চালান। জানালা ভেঙে দেওয়া হয়, জ্বালিয়ে দেওয়া হয় আসবাবপত্র।
উল্লেখ্য, তিন মহিলা ও তিন শিশুকে অপহরণ করে হত্যার ঘটনায় ইম্ফলের খোয়াইরামবান্ড কেইঠেলে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। জিরিবাম জেলার জিরিমুখে নদীর কাছ থেকে মৃতদেহগুলি উদ্ধার হয়েছে। এই এলাকাটি মণিপুর-অসম সীমানা লাগোয়া। দেহগুলি গতকাল রাতেই শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মর্গে রাখা হয় ময়নাতদন্তের জন্য।
সোমবার জিরিবামে নিরাপত্তাকর্মীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলেছিল। তারপরই ত্রাণ শিবিরে থাকা ওই ৬ জনের খোঁজ মিলছিল না। মেইতেই সম্প্রদায়ের তরফে তখনই অভিযোগ করা হয়েছিল যে, জঙ্গিরা অপহরণ করেছে এই ৬ জনকে।
গত ১১ নভেম্বর বড়বেকরায় থানায় হামলা চালিয়েছিল জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরা। গুলিচালনায় ১১ জঙ্গি খতম হয়। তারপরই জঙ্গিরা ৬ জনকে অপহরণ করে বলে অভিযোগ। যে ত্রাণ শিবির থেকে অপহরণ করা হয় সেটি ছিল থানার কাছেই।
জঙ্গিদের খোঁজে এবং অপহৃতদের সন্ধানে জোরকদমে তল্লাশিও চলছিল। অশান্তির প্রেক্ষিতে রাজ্য সরকার আজ সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করেছিল। কিন্তু গতকাল অপহৃত ৬ জনের দেহ উদ্ধারের পরই নতুন করে বিক্ষোভ-আন্দোলনে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।
দেড় বছর ধরেই মণিপুরে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে হিংসার ঘটনা লেগেই রয়েছে। প্রচুর হিংসাত্মক ঘটনা ঘটেছে। যদিও জিরিবামে গত জুনের আগে হিংসাত্মক ঘটনা ঘটেনি। জুন মাসে একটি মাঠে এক কৃষকের দেহ উদ্ধারের ঘটনার পর থেকেই সেখানে অশান্তির সূত্রপাত। জিরিবামে হিংসাত্মক ঘটনা বেড়ে চলায় গত বৃহস্পতিবার ৬টি থানা এলাকায় আর্মড ফোর্সেস স্পেশ্যাল পাওয়ারস অ্যাক্স বা আফস্পা জারি করেছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications