Terror attack in JK: রাজৌরি হত্যাকাণ্ড! জঙ্গি বিরোধী অভিযানে আরও আধাসেনা পাঠাচ্ছে CRPF
Terror attack in JK: রাজৌরি হত্যাকাণ্ড! জঙ্গি বিরোধী অভিযানে আরও আধাসেনা পাঠাচ্ছে CRPF
রাজৌরিতে জঙ্গি হামলায় ছয়জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। তারপরেই সেখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে জঙ্গি বিরোধী অভিযানে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে রাজৌরি ও পুঞ্চে আরও ১৮ কোম্পানি আধা সামরিক বাহিনী পাঠাচ্ছে সিআরপিএফ। ইতিমধ্যেই সেখানে নয় কোম্পানি বাহিনী পৌঁছে গিয়েছে। বাকি বাহিনী ২৪ ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে যাবে বলে জানা গিয়েছে। সূত্রের খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনী পীর পঞ্জাল রেঞ্জের দক্ষিণে জঙ্গি বিরোধী অভিযানে নামবে।

রাজৌরির হিন্দু অধ্যুষিত গ্রাম ধানগরিতে সন্ত্রাসবাদী হামলায় চার বছরের শিশু-সহ ছয়জন সাধারণ মানুষের মৃত্যু হওয়ার কয়েকদিন পরেই সেখানে জঙ্গি বিরোধী অভিযানে নামার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ করা প্রয়োজন রবিবার সন্ত্রাসবাদী হামলায় দীপক কুমার (২৩), সতীশ কুমার (৪৫), প্রীতম লাল (৫৬), শিব লাল (৩২) মারা যান। পরের দিন ঘটনাস্থলে পড়ে থাকা একটি আইইডি বিস্ফোরণে বিহান শর্মা (৪) এবং সমীক্ষা শর্মার (১৬) মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দারা জঙ্গি হামলায় পুলিশের ব্যর্থতার অভিযোগ করেছেন। তাঁরা বলেছেন জঙ্গিরা রবিবার আইইডি রেখে গিয়েছিল। কিন্তু তল্লাশি অভিযানের সময় পুলিশ তা খুঁজে পায়নি। প্রসঙ্গত রবিবার দুই সশস্ত্র ব্যক্তি রাজৌরির ডাংরি গ্রামে হামলা চালায়।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা সোমবার ধানগরি এলাকা পরিদর্শন করেন। ইতি মধ্যে সরকারের তরফ থেকে মৃতদের আত্মীয়দের ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ এবং চাকরি দেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে আহত ১৫ জনের প্রত্যেককে ১ লক্ষ টাকা করে দেওয়ার কথা জানানো হয়েছে সরকারের তরফে।
লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বলেছেন, রবিবার ও সোমবারের ঘটনা বেদনাদায়ক এবং দুর্ভাগ্যজনক। তিনি আরও বলেছেন, কেন্দ্রীয় সরকারের পাশাপাশি জম্মু ও কাশ্মীর সরকারও সন্ত্রাস নির্মূল করতে সংকল্পবদ্ধ। তিনি বলেছেন মৃত্যুর কোনও ক্ষতিপূরণ হয় না। তবুও মৃতদের পরিবারকে সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।
লেফটেন্যান্ট গভর্নর জানিয়েছেন, নিরাপত্তা বাহিনীকে অভিযান চালানোর জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তিনি জনগণকে আশ্বস্ত করে বলেছিলেন এই হামলায় অপরাধীদের খুব তাড়াতাড়ি শাস্তি দেবে নিরাপত্তা বাহিনী।












Click it and Unblock the Notifications