মহাকুম্ভ জুড়ে শুধুই ভক্তদের ভিড়, এমনই অবস্থা রেলের ইঞ্জিনও দখল করে নিলেন ভক্তরা, চালক রইলেন বাইরেই!
মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজসহ আশেপাশের শহরগুলোতে বিশাল ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বারাণসী, অযোধ্যা, রেলস্টেশন ও বাসস্ট্যান্ড গুলো যাত্রীদের ভিড়ে পরিপূর্ণ হয়ে উঠেছে। কেননা মহাকুম্ভ মেলা শেষ হতে আর হাতে গোনা ১৬টা দিন বাকি। আগামী ২৬ ফেব্রুয়ারি শেষ হচ্ছে এই বিশাল আধ্যাত্মিক উৎসব। ইতিমধ্যেই উত্তর প্রদেশ সরকার জানাচ্ছে, যে ৪২ কোটিরও বেশি ভক্ত সঙ্গম ঘাটে পবিত্র স্নান সেরে নিয়েছেন। কিন্তু তারপরও লাখো লাখো ভক্ত ভিড় করে আসছেন মহান মিলন ক্ষেত্রে।
এরই মধ্যে বারাণসী ক্যান্ট রেলওয়ে স্টেশন থেকে একটি চাঞ্চল্যকর ছবি উঠে এসেছে। যেখানে দেখা যায়, প্রয়াগরাজ মহাকুম্ভ স্পেশাল ট্রেনটি যাত্রীদের অতিরিক্ত ভিড়ের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং যাত্রীরা ট্রেনের ইঞ্জিন দখল করে নেয়।

শনিবার রাত ১টা ৩০ মিনিট নাগাদ প্রয়াগরাজগামী মহাকুম্ভ স্পেশাল ট্রেনটি ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে ছিল। প্রচণ্ড ভিড়ের কারণে ট্রেনের কামরাগুলোতে আর একটুও জায়গা না থাকায় যাত্রীরা ইঞ্জিনের ওপর চড়ে বসেন। ট্রেন চলতে যাওয়ার আগে লোকো পাইলট সেখানে পৌঁছালেও যাত্রীরা দরজা খুলতে অস্বীকার করেন। ফলে, বাধ্য হয়ে রেলওয়ে প্রোটেকশন ফোর্স (আরপিএফ)-কে খবর দেওয়া হয়।
আরপিএফ কর্মীরা দ্রুত ঘটনাস্থলে এসে যাত্রীদের ইঞ্জিন থেকে নামানোর চেষ্টা করেন। প্রথমে বারবার অনুরোধ করা হলেও যাত্রীরা ইঞ্জিন ছাড়তে নারাজ ছিলেন। পরে আরপিএফ সদস্যরা কঠোর পদক্ষেপ নিয়ে একে একে সকল যাত্রীকে ইঞ্জিন থেকে নামিয়ে আনেন। এমনকি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক যাত্রীকে চড় মারার ঘটনাও ঘটে। এরপরই লোকো পাইলট ইঞ্জিনের নিয়ন্ত্রণ নিয়ে ট্রেনটি নিয়ে যাত্রা শুরু করে।
উল্লেখ্য, মহাকুম্ভে ৪টি অমৃত স্নান শেষ হলেও প্রয়াগরাজগামী যাত্রীদের ভিড় এখনও কমেনি। ফলে রেলস্টেশন ও ট্রেনগুলিতে প্রচণ্ড চাপ পড়ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যা জনসাধারণের মধ্যে আলোড়ন ফেলেছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই ধরনের পরিস্থিতি এড়াতে রেলওয়ে কর্তৃপক্ষকে আরও সুপরিকল্পিত পদক্ষেপ নিতে হবে। অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা, স্টেশনগুলিতে নিরাপত্তা জোরদার এবং যাত্রীদের সচেতন করার মাধ্যমে এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। তবে লাখো লাখো ভক্ত কতটা কথা শুনবেন, তা নিয়ে একটা আশঙ্কা থেকেই যাচ্ছে।












Click it and Unblock the Notifications