গুজরাত বিধানসভায় ফাটল! ভাঙতে পারে বিজেপি সরকার, জল্পনা তুঙ্গে
ক্ষমতায় আসার পরই গুজরাতে নতুন মন্ত্রিসভায় সংঘাতের খবরে জল্পনা তুঙ্গে।
সদ্য সংখ্যাগরিষ্ঠতা নিয়ে গুজরাতে ক্ষমতায় এসেছে বিজেপি সরকার। এই নিয়ে ষষ্ঠবার টানা গুজরাতে সরকার গড়েছে গেরুয়া শিবির। কংগ্রেস সহ একাধিক সম্মিলিত বিরোধীদের পরাজিত করে ক্ষমতায় আসার পরই গুজরাতে নতুন মন্ত্রিসভায় সংঘাতের খবরে জল্পনা তুঙ্গে।

ঘটনা হল, অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের মতো মুখ্যমন্ত্রী পদে বিজয় রূপানি ও উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন নিতিন প্যাটেল। সকলে নিজের দায়িত্ব বুঝে নিলেও নিতিন এখনও নিজের দায়িত্ব বুঝে নেননি।
দলের অন্দরের খবর, মন্ত্রী হিসাবে যে দফতরগুলি নিতিনকে দেওয়া হয়েছে তাতে তিনি খুশি নন। যা নিয়ে বিজয় রূপানির উপরে গোঁসা হয়েছে তাঁর। আগের সরকারে থাকাকালীন অর্থ, নগরোন্নয়ন ও পেট্রোলিয়াম দফতর নিতিনের অধীনে ছিল। এবার তাঁকে পরিবার ও স্বাস্থ্য, সড়ক, নর্মদা, কল্পসার ও মেডিক্যাল শিক্ষার দফতর দেওয়া হয়েছে।
যদিও অর্থ ও নগরোন্নয়ন মন্ত্রক আগের বারের মতোই দাবি করেছিলেন নিতিন। তা না পেয়ে নিজেকে বঞ্চিত মনে করছেন তিনি। নিতিনের থেকে জুনিয়র সৌরভ প্যাটেলকে অর্থ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে। এবং বিজয় রূপানি পেট্রোলিয়াম ও নগরোন্নয়ন দফতর নিজের হাতে রেখেছেন।
বিজেপিকে কোন্দলের আভাস পেয়ে মাঠে নেমে পড়েছে কংগ্রেস ও হার্দিক প্যাটেলের মতো নেতারা। সরাসরি নিতিনকে বিজেপি ছেড়ে দিতে আহ্বান জানিয়েছেন তাঁরা। হার্দিক বলেছেন, ১০ জন বিধায়কের সমর্থন সঙ্গে নিয়ে নিতিন বিজেপি ছাড়তে পারলে হার্দিক তাঁর সঙ্গে দেবেন। সেক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে হাত মেলালে রাহুল গান্ধীর দলের সামনে সরকার গঠনের হাতছানি থাকবে। এই অবস্থায় নিতিন নতুন সরকারে যোগ দিলে বড় পদ পাবেন। যদিও এই বিষয়ে নিতিন প্যাটেল নিজে মুখ খোলেননি। বিজয় রূপানিও সাংবাদিককদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন।












Click it and Unblock the Notifications