মমতাকে পাশে চায় সিপিএমও! বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে খোলা চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী বিজয়ন
বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সিপিএম পাশে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই চিঠি লিখলেন সিপিএমের নেতৃত্বাধীন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
বিজেপির বিরুদ্ধে সারা দেশে লড়াইয়ে সিপিএম পাশে চায় মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই চিঠি লিখলেন সিপিএমের নেতৃত্বাধীন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি চিঠি লিখে জানালেন নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে চাই। পাশে চাই অন্যান্য বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রীদেরও।

চিঠি লিখলেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন
বৃহস্পতিবার যে দাবি করেছিল ১৭ বাম দলের জোট। সেই একই দাবি করে চিঠি লিখলেন কেরলের সিপিএম মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি মোট ১১ জন মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন। গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ করার দাবি জানান তিনি। তিনি বলেন, সবাইকে এক জায়গায় আসতে হবে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে। তবে বিজেপির হাত থেকে দেশকে বাঁচানো সম্ভব।

কেরল সরকার রাজ্যে সিএএ প্রয়োগ করছে না
কেরলের বামফ্রন্ট সরকার বিবৃতি জারি করে জানায়, কেরলে বাম-গণতান্ত্রিক ফ্রন্ট সরকার রাজ্যে সিএএ প্রয়োগ করছে না। ৩১ ডিসেম্বর কেরল বিধানসভায় আইন বাতিল করার সর্বসম্মত প্রস্তাব পাস করে। বাংলার ১৭ দলীয় ফ্রন্টের তরফ থেকে কেরলের জনগণকে অভিনন্দন জানানো হয়। সেইসঙ্গে দাবি করা হয়, পশ্চিমবঙ্গ বিধানসভাতেও এই ধরনের প্রস্তাব পাস করা উচিত।

বিরোধী মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়
নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিরোধী মুখ হয়ে ওঠার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনও তেমনি শিলিগুড়ি থেকে মুখ্যমন্ত্রী নিশানা করেন বিজেপিকে। এখন প্রশ্ন তিনি কি পিনারাই বিজয়নের পথে হেঁটে নাগরিকত্ব আইন বাতিলের পথে হাঁটবেন? সিপিএম বুঝিয়ে দিয়েছে তাঁদের কোনও ছূৎমার্গ নেই তৃণমূলকে নিয়ে।












Click it and Unblock the Notifications