সিপিএম ইঁদুরের বাচ্চা, অশিক্ষিতদের দল, ফের কটূক্তি অনুব্রত মণ্ডলের

শনিবারই সিপিএমের প্রাক্তন মন্ত্রী আনিসুর রহমান রামপুরহাটে বলেছিলেন, লাল রং তো মমতা বন্দ্যোপাধ্যায়ের অসহ্য। বিয়ে হলে কি সবুজ সিঁদুর পড়বেন? আর নিয়ে জলঘোলা হয় বিস্তর।
সেই রেশ কাটতে না কাটতেই গতকাল মঙ্গলকোটের কৈচরে অনুব্রতবাবু বলেছেন, "এ রাজ্যে এখন বিরোধী বলে কিছু নেই। সব গর্তে ঢুকে গিয়েছে। তবে সিপিএম, কংগ্রেস, বিজেপি সব্বাই ইঁদুরের বাচ্চা। ওরা মাঝেসাঝে গর্ত থেকে মুখ বের করার চেষ্টা অবশ্য করছে বটে। মানুষের কাছে অনুরোধ, ওদের দেখলেই গর্তের মুখ বুজিয়ে দিন। একবার ধান কাটার পর গর্ত থেকে ইঁদুর বের হলে চাষীরা বিষ দিয়ে মেরে দেয়। নইলে চাষ করতে অসুবিধা হয়। তাই শান্তিতে থাকতে ওদের বিষ দিয়ে মেরে ফেলুন। ঝাড়ু দিয়ে যেমন ময়লা সাফ করেন, তেমনই সমাজকে পরিষ্কার রাখতে সিপিএম, কংগ্রেস, বিজেপি-কে সাফ করে দিন। মঙ্গলকোট থেকে আমাদের প্রার্থীকে রেকর্ড ভোটে জেতান।" তিনি আরও বলেন, এখন তৃণমূল কংগ্রেস ছাড়া কোনও দল নেই। ৩৪ বছর ধরে সিপিএম কিছু করেনি। কোটি কোটি টাকা মেরে দিয়েছে। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে পশ্চিমবঙ্গ উন্নয়নের কর্মযজ্ঞ চলছে।
মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সিপিএম বিধায়ক আনিসুর রহমানের মন্তব্যেও প্রতিক্রিয়া জানান অনুব্রতবাবু। তিনি বলেছেন, "গৌরীকে সিঁদুর পরিয়েছিল মহাদেব। লক্ষ্মীকে সিঁদুর পরিয়েছিল নারায়ণ। সিপিএম সিঁদুরের মর্ম কী বুঝবে? সিপিএম হল অশিক্ষিতদের দল।"
তবে বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করে অনুব্রত মণ্ডল বুঝিয়ে দিয়েছেন, তিনি শোধরাননি। দলনেত্রী যেখানে নম্র হতে পরামর্শ দিচ্ছেন, সেখানে বারবার অভদ্রই হচ্ছেন 'দামাল ছেলে' অনুব্রতবাবু।












Click it and Unblock the Notifications