গোরক্ষকরা আজকের যুগের ভগত সিং : সাধ্বী কমল
রাষ্ট্রীয় মহিলা গোরক্ষা দলের জাতীয় সভাপতি সাধ্বী কমলের দাবি, গোরক্ষকরা আজকের যুগের ভগত সিং। গোরক্ষকদের বিরুদ্ধে এভাবে কঠোর মনোভাব নেওয়া সরকার বা প্রশাসনের উচিত কাজ হচ্ছে না বলে সাধ্বী কমল দাবি করেছেন।
জয়পুর, ২০ এপ্রিল : রাজস্থানের আলওয়ারে গোরক্ষকদের হাতে খুন হওয়া এক ব্যক্তির খবর সামনে আসতেই জাতীয় সংবাদমাধ্যমে হইচই শুরু হয়েছে। গাড়িতে করে গরু নিয়ে যাওয়ার সময়ে রাস্তায় গাড়ি থামিয়ে একজনকে নামিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়। তবে রাষ্ট্রীয় মহিলা গোরক্ষা দলের জাতীয় সভাপতি সাধ্বী কমলের দাবি, এই গোরক্ষকরা আজকের যুগের ভগত সিং।
সংবাদসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভগত সিং, রাজগুরু, সুভাষ চন্দ্র বসুরা নির্দোষ ছিলেন। তা সত্ত্বেও দেশের জন্য ফাঁসিকাঠে ঝুলেছিলেন। সেরকমভাবেই গোরক্ষকরাও গরুকে বাঁচাতে লড়াই করছেন। তারা কোনও ভুল করছেন না।

গোরক্ষকদের বিরুদ্ধে এভাবে কঠোর মনোভাব নেওয়া সরকার বা প্রশাসনের উচিত কাজ হচ্ছে না বলে সাধ্বী কমল দাবি করেছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপও তিনি দাবি করেন।
এর আগে গত সোমবার আলওয়ারের ঘটনার অন্যতম অভিযুক্ত বিপিন যাদবের সঙ্গে দেখা করেন সাধ্বী কমল। তাকে আশ্বাস দেন, কোনও চিন্তা কোরো না। সারা ভারত তোমার সঙ্গে রয়েছে। এই বলে এদিন সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই ধরনের যুবকরা হল আজকের যুগের ভগত সিং। এরা কোনও ভুল করেনি।
প্রসঙ্গত, হরিয়ানার বাসিন্দা ৫৫ বছরের ডেয়ারি ব্যবসায়ী পেহলু খানকে গত ১ এপ্রিল রাজস্থানের আলওয়ারে রাস্তায় গাড়ি থামিয়ে নামিয়ে গরুর চোরাকারবারি সন্দেহে গোরক্ষকরা পিটিয়ে মারে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।












Click it and Unblock the Notifications