কোভিশিল্ড-কোভ্যাকসিনের বাজারে বিক্রি এখন সময়ের অপেক্ষা! কত হতে পারে দাম, মিলল ইঙ্গিত
কোভিশিল্ড-কোভ্যাকসিনের বাজারে বিক্রি এখন সময়ের অপেক্ষা! কত হতে পারে দাম, মিলল ইঙ্গিত
জরুরি ব্যবহারের জন্য অনুমোদনের পরে ভারতে কোভিশিল্ড (covishield) এবং কোভ্যাকসিন (Covaxine) দেওয়া হচ্ছে নিয়ন্ত্রিতভাবে। সরকারি বা বেসরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্র থেকে। এই দুটি ভ্যাকসিনের এখনও বাজারে বিক্রির অনুমতি নেই। তবে নিয়ন্ত্রক সংস্থা ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া খুব শিগগির এই দুটি ভ্যাকসিনকে বাজারে বিক্রির অনুমোদন দিতে চলেছে বলে খবর সংবাদ সংস্থার। তবে তার আগে চলছে এই দুই ভ্যাকসিনের দাম নির্ধারণ।

প্রতি ডোজের দাম হতে পারে ২৭৫ টাকা
সংবাদ সংস্থা সূত্রে খবর, কোভিশিল্ড এবং কোভ্যাকসিন, দুটির ক্ষেত্রেই একটি ডোজের দাম হতে পারে সর্বোচ্চ ২৭৫ টাকা। এর সঙ্গে অতিরিক্ত হিসেবে সার্ভিস চার্জ নেওয়া যেতে পারে ১৫০ টাকা। পিটিআই-সূত্রে এমনটাই দাবি করা হয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটিকে দাম নির্ধারণের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। ওই সংস্থা যা নিয়ে কাজও শুরু করে দিয়েছে।

খুব শীঘ্রই বাজারে বিক্রির অনুমতি
ইতিমধ্যেই সিরাম ইনস্টিটিউট এবং ভারত বায়োটেকের তরফে দুটি ভ্যাকসিনকে বাজারে বিক্রির জন্য ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়ার কাছে আবেদন জানানো হয়েছিল। পরে দুই সংস্থার কাছে বাড়তি নথি চাওয়া হয়েছিল ডিসিজিআই-এর তরফে। দুটি সংস্থাই তা জমা গিয়েছে। জানা গিয়েছে খুব তাড়াতাড়ি দুই সংস্থার তৈরি ভ্যাকসিনই বাজারে বিক্রির অনুমতি পাবে। সেই সময় পাড়ার ওষুধের দোকান থেকে এই দুটি ভ্যাকসিন পাওয়া যাবে।
১৯ জানুয়ারি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের সাবজেক্ট এক্সপার্ট কমিটি কোভিশিল্ড এবং কোভ্যাকসিনকে প্রাপ্তবয়স্কদের ব্যবহারের জন্য বাজারে বিক্রির অনুমোদন দিয়েছে।
সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, এনপিপিএ-কে ভ্যাকসিনের দাম নির্ধারণ করতে বলা হয়েছে। সেক্ষেত্রে দুটি ভ্যাকসিনের ক্ষেত্রে সর্বোচ্চ দাম হতে পারে ২৭৫ টাকা প্রতি ডোজ এবং সার্ভিস চার্জ হিসেবে সেখানে অতিরিক্ত ১৫০ টাকার কথা বলা হয়েছে।

ডিজিসিআই-এর কাছে দুই সংস্থার আবেদন আগেই
২৫ অক্টোবর পুনের সিরাম ইনস্টিটিউটের তরফে প্রকাশ কুমার সিং ডিজিসিআই-এর কাছে কোভিশিল্ডের বাজারে বিক্রির জন্য আবেদন করেন বলে জানা গিয়েছে। অন্যদিকে ভারত বায়োটেকের তরফে ভি কৃষ্ণমোহন একই ধরনের আবেদন করেছিলেন ডিজিসিআই-এর কাছে। উভয় সংস্থার তরফেই প্রি ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল ডেটা, এর রসায়ন, উৎপাদন এবং নিয়ন্ত্রণ সম্পর্কে তথ্য জমা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত গত বছরের ৩ জানুয়ারি থেকে দুটি ভ্যাকসিনকেই জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছিল।

বেসরকারি ক্ষেত্রে বর্তমানে মূল্য
সরকারি হাসপাতাল কিংবা স্বাস্থ্য কেন্দ্রে দুটি ভ্যাকসিনই বিনামূল্যে পাওয়া যায়। কিন্তু বেসরকারি হাসপাতালে কোভিশিল্ড এবং কোভ্যাকসিনের বর্তমান মূল্য যথাক্রমে ৭৮০ এবং ১২০০ টাকা। তবে এই দামের মধ্যেই সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে।












Click it and Unblock the Notifications