কোভিশিল্ড নিলেই জমাট বাঁধছে রক্ত? উদ্বেগের মাঝেই কেন্দ্রীয় কমিটির রিপোর্টে কতটা কাটল আতঙ্ক?
কোভিশিল্ড নিলেই জমাট বাঁধছে রক্ত? চিন্তার কোনও কারণ নেই, বলছে কেন্দ্র
গত ১৬ জানুয়ারি থেকে গোটা দেশে শুরু হয় করোনা টিকাকরণ প্রক্রিয়া। এদিকে এখনও পর্যন্ত করোনা দমাতে ভারত বায়োটেকের কোভ্যাক্সিন ও সিরাম ইন্সস্টিটিউটের কোভিশিল্ডকেই হাতিয়ার করেছিল কেন্দ্র। যদিও বর্তমানে মাঠে নেমেছে রাশিয়ার করোনা টিকা স্পুটনিক-ভি। এদিকে টিকাকরণের শুরু থেকেই রক্ত জমাট বাঁধার ঘটনার জেরে প্রশ্ন ওঠে কোভিশিল্ডের কার্যকারিতা নিয়ে। বাড়তে থাকে উদ্বেগ।

এবার তা নিয়েই নয়া রিপোর্ট সামনে আনল কেন্দ্রীয় কমিটি। তবে এই নিয়ে এখনই বিশেষ উদ্বেগের কিছু নেই বলে জানাচ্ছে টিকা দেওয়ার পরে গুরুতর প্রতিকূল ঘটনা সম্পর্কিত জাতীয় কমিটি। তাদের দাবি কোভিশিল্ড নেওয়ার পরে এই ধরণের কিছু ঘটনাই মাত্র সামনে এসেছে। এমনকী সংখ্যানুপাতে প্রতি ১০ লক্ষের নিরিখে তা মাত্র ১ জনের কম।
কেন্দ্রীয় কমিটির মতে প্রতি দশ লক্ষ ভারতীয়কে যদি কোভিশিল্ড দেওয়া হয় তাদের মধ্যে ০.৬১ জনের শরীরে রক্ত তঞ্চনের ঘটনা ঘটছে। এদিকে এই ধরণের ঘটনা এর আগে ব্রিটেনেও দেখা গিয়েছিল। এমনকীতার জন্য বেশ কিছুদিন স্থগিতও হয়ে গিয়েছিল টিকাকরণ প্রক্রিয়া। তবে ভারতের অবস্থা ব্রিটেনের মতো অতটাও উদ্বেগজনক নয় বলেই দাবি কেন্দ্রীয় কমিটির।
ইতিমধ্যেই এই বিষয়ে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে স্বাস্থ্য মন্ত্রকে রিপোর্টও জমা দিয়েছে কেন্দ্রীয় কমিটি। এর জন্য প্রায় ৪৯৮টি গুরুতর রক্ত তঞ্চনের ঘটনার উপর বিশদে গবেষণা চালানো হয় বলেও জানা যাচ্ছে।এদিকে গোটা দেশে এখনও পর্যন্ত করোনা টিকা পেয়েছে ১৮ কোটি মানুষ। টিকার দুটি ডোজই পেয়েছেন ৪ কোটি মানুষ। এদিকে তার মধ্যে এপ্রিল পর্যন্ত শুধুমাত্র কোভিশিল্ড পেয়েছেন ৬ কোটি ৮৬ লক্ষের বেশি মানুষ।












Click it and Unblock the Notifications