বাড়ছে কোভিড, বিমানে মাস্ক বাধ্যতামূলক ঘোষণা করল ডিজিসিএ
বাড়ছে কোভিড, বিমানে মাস্ক বাধ্যতামূলক ঘোষণা করল ডিজিসিএ
করোনার উর্ধ্বমুখী গ্রাফ দেখে অনেকদিন আগেই মাস্ক বাধ্যতামূলক করেছিল দিল্লি৷ এবার বিমানবন্দর ও বিমানে মাস্ক বাধ্যতামূলক করা হল৷ ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) বুধবার বিমানবন্দর এবং বিমানের জন্য নতুন নিয়ম জারি করেছে। যেখানে বলা হয়েছে করোনার উর্ধ্বমুখী সংক্রমণের কথা মাথায় রেখে পুরো যাত্রার সময় মাস্ক বাধ্যতামূলক করেছে ডিজিসিএ। শুধুমাত্র ব্যতিক্রমী পরিস্থিতিতে মাস্ক অপসারণের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সংস্থাটি।

কী নিয়ম চালু করল ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন?
দিল্লি হাইকোর্টের আদেশ অনুসারে, বিমান চলাচল নিয়ন্ত্রক আরও বলেছে যে এই নিয়ম লঙ্ঘনকারীদের 'অনিয়মিত যাত্রী' হিসাবে গণ্য করা যেতে পারে। নতুন করোনা নিয়ম লঙ্ঘনকারীদের 'নো ফ্লাই লিস্টে' রাখা যাবে বলেও জানিয়েছে ডিজিসিএ। নতুন নিয়ম অনুসারে, যাত্রীরা যদি বারবার মাস্ক পরতে অস্বীকার করে এবং কোভিড প্রোটোকল অনুসরণ না করে, তবে তাদের ডিবোর্ড করা হবে বিমানবন্দরেও এই নিয়ম লঙ্ঘনকারীদের জরিমানা করা হবে এবং নিরাপত্তা সংস্থার কাছে হস্তান্তর করা হবে।

কোন জায়গায় রয়েছে ভারতের কোভিড সংক্রমণ?
প্রসঙ্গত, শেষ চব্বিশ ঘন্টায় সারা দেশে নতুন করে ৫২৩৩ জন করোনা সংক্রমিত হওয়ার তথ্য সামনে এসেছে৷ এবং করোনায় ৭ জন মারা গিয়েছেন৷ দেশের একাধিক রাজ্যে করোনার সংক্রমণ বেড়ে যাওয়া নতুন করে চিন্তায় ফেলেছে বিশেষজ্ঞদের। মাস্ক বাধ্যতামূলক করার পাশাপাশি করোনাবিধিতে জোর দেওয়ার কথা বলছেন চিকিৎসকরা৷ এবার সেই পদ্ধতিই অনুসরণ শুরু করল ডিজিসিএ৷ প্রসঙ্গত, বিশ্বস্বাস্থ্য সংস্থা আগেই জানিয়েছিল এত সহজেই পরিত্রান পাওয়া সম্ভব নয় করোনার হাত থেকে! তাই সাধারণ মানুষের করোনার বুস্টার ডোজ নেওয়া এবং কোভিডবিধি মেনে মাস্ক পরায় জোর দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। সঙ্গেই হু সাবধান করে দিয়েছে, যে করোনার নতুন স্ট্রেনগুলি আগের সব কটি স্ট্রেনের চেয়ে কয়েকগুণ বেশি সংক্রামক!

কোভিড বাড়ছে তাই ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা সৌদি আরবের!
ভারতে করোনা বেড়ে যাওয়ার কারণে, গত মে মাসেই ভারতে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল সৌদি আরব। সৌদি সরকার তাদের নাগরিকদের জন্য মোট ১৬ টি দেশে যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছে যার মধ্যে অন্যতম হল ভারত৷ অন্যদিকে গত মাসেই করোনার ভয়ঙ্কর ওয়েভের সম্মুখীন হয়েছে উত্তর কোরিয়া৷ দেশটিতে মাত্রাছাড়া কোভিড সংক্রমণ আট লক্ষ পার করে গিয়েছিল বলে সে দেশের সংবাদমাত্র সূত্রে জানা গিয়েছিল৷












Click it and Unblock the Notifications