Covid-19: করোনার দাপট বৃদ্ধিতে ফের কি লকডাউন? বড় বার্তা দিলেন মোদী সরকারের মন্ত্রী
Covid-19: করোনা ফের জোরকদমে ব্যাটিং শুরু করেছে। ইতিমধ্যেই দেশে সন্ধান মিলেছে নতুন ভ্যারিয়্যান্ট জেএন.১ (JN.1)-এর। করোনা আক্রান্তের মৃত্যুর খবরও এসেছে কেরল থেকে।
কাল বড়দিন। তারপর সকলে মেতে উঠবেন বর্ষবরণের আনন্দে। সেই ভিড়ে করোনা সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী হবে বলে আশঙ্কা করছেন সকলেই। করোনা পরিস্থিতি মোকাবিলায় পরিকাঠামোগত সমস্ত প্রস্তুতি সেরে রাখা হচ্ছে।

করোনা সংক্রমণ দেশের কয়েকটি রাজ্যে যেভাবে বাড়ছে তাতে এখন অনেকেরই মনে প্রশ্ন উঠছে, নতুন বছরের শুরুতেই কি লকডাউনের সাক্ষী থাকতে হবে আবার? কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আজ যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ৬৫৬ জন আক্রান্তের সন্ধান মিলেছে।
সারা দেশে অ্যাকটিভ করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩,৭৪২। সারা দেশে জেএন.১ কোভিড ভ্যারিয়্যান্টে আক্রান্তের সংখ্যা ২১ ডিসেম্বর অবধি ছিল ২২। এই আক্রান্তদের ২১ জন গোয়ার। কেরলে একজন আক্রান্তের সন্ধান মিলেছে। চিকিৎসকরা বলছেন, এই ভ্যারিয়্যান্ট ভালোরকমের ছোঁয়াচে, তবে মারাত্মক নয়।
তবে সতর্কতার মার নেই। হাঁচি এলে হাত দিয়ে মুখ ঢেকে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। হাত ধোয়া-সহ করোনা বিধি মেনে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হচ্ছে। তবে লকডাউনের পথে যে হাঁটতে হবে না সেই ইঙ্গিত মিলেছে কেন্দ্রীয় মন্ত্রীর কথাতেই। ভারত যে করোনা মোকাবিলায় প্রস্তুত সে কথা জোর দিয়ে দাবি করেছে কেন্দ্র।
আজ পানাজিতে এক অনুষ্ঠানে গিয়ে কেন্দ্রীয় পর্যটন মন্ত্রকের প্রতিমন্ত্রী শ্রীপদ নায়েক বলেন, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ফের যদি করোনার দাপট বাড়ে তাহলেও তার মোকাবিলা আমরা করতে পারব। অতীতেও সফলভাবেই তা যেমন আমরা করতে পেরেছি।
করোনা অতিমারীর পরিস্থিতি কাটিয়ে ভারতীয় অর্থনীতি যেভাবে ঘুরে দাঁড়িয়েছে সে কথাও উল্লেখ করেন মোদী সরকারের এই মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের নীতির কারণেই তা সম্ভব হয়েছে বলে দাবি করেছেন তিনি। এর পিছনে পর্যটন ক্ষেত্রের বড় অবদান রয়েছে বলেও জানান নায়েক।
তাঁর কথায়, অনেক নতুন জায়গায় পর্যটনের দিগন্ত উন্মোচিত হয়েছে। হোমস্টের মাধ্যমে স্থানীয় যুবদের কর্মসংস্থানেরও বন্দোবস্ত করা সম্ভব হয়েছে। গোয়ার পর্যটন দফতরের প্রশংসাও করেছেন মন্ত্রী।












Click it and Unblock the Notifications