Covid 19 New Variant: আরও বাড়ল আক্রান্ত,করোনার নতুন ভ্যারিয়েন্ট JN.1-এ কি ফোর্থ ওয়েভ? বিশেষজ্ঞরা কী বলছেন?
Covid 19 New Variant: গত ২৪ ঘন্টায় সারা দেশে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৬৪০। যা নিয়ে সারা দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যাটা প্রায় তিন হাজার ছুঁইছুঁই। বৃহস্পতিবার সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৫৯৪।
করোনার নতুন রূপ JN.1 নিয়ে অনেকের মধ্যেই রয়েছে আতঙ্ক। এই পরিস্থিতিতেই সামনে রয়েছে বড়দিন এবং নতুন বছর উদযাপনের জমায়েত। সেখান থেকে তীব্র গতিতে কি সংক্রমণ ছড়িয়ে পড়বে না সেই প্রশ্নও করছেন অনেকে। এবার কি তাহলে করোনার ফোর্থ ওয়েভ? স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এটাতে চতুর্থ তরঙ্গ বলাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে।

তবে বেশি চিন্তার এই মুহূর্তে দরকার নেই। কেননা বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে করোনার এই ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট বলা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, ইনফ্লুয়েঞ্জা এ (H1N1 ও H3N2), অ্যাডিনো ভাইরাস, রাইনো ভাইরাস এবং শ্বাসযন্ত্রের সিনসিটিয়াল ভাইরাসের মতো মরসুমি ফ্লুর ফলে তৈরি শ্বাসযন্ত্রের রোগগুলিও কোভিডের উপসর্গের মতোই।
চিকিৎসকরা বলছেন, সাধারণ ভাবে শ্বাসকষ্ট বাড়লে, নিউমোনিয়া কিংবা শ্বাসযন্ত্রের অন্য কোনও রোগ হলেই কাউকে হাসপাতালে ভর্তি করানো হয়।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতিতে ভিড় জায়গায় গেলে অবশ্যই মাস্ক পরতে হবে। যা শুধু কোভিড নয়, অন্য অনেক রোগ প্রতিরোধ করতে পারে। তবে সবসময় মাস্ক পরা জরুরি নয়। বয়স্ক ও শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। অন্যদিকে গর্ভবতী মহিলা ও পাঁচ বছরের বেশি বয়সী শিশুদের মাস্ক পরার ক্ষেত্রে মত দিচ্ছেন বিশেষজ্ঞরা।
বিশ্বস্বাস্থ্য সংস্থার মতে করোনার সব থেকে সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, সর্দি, কাশি, স্বাদ বা গন্ধ হারানো এবং ক্লান্তি। অন্য লক্ষণগুলির মধ্যে রয়েছে গলা ব্যথা, মাথা ব্যথা, শরীরে ব্যথা, ডায়ারিয়া, চোখ লাল ও আঙুলে বিবর্ণতা। অন্য তিনটি গুরুতর লক্ষণ হল শ্বাসকষ্ট, বুকে ব্যথা, কথা বলতে অসুবিধা কিংবা বিভ্রান্ত বোধ করা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, নতুন ভ্যারিয়েন্ট JN.1-এর লক্ষণগুলি আগেরগুলির মতোই। বেশিরভাগ লক্ষণগুলি আগের মতো হলেও, তা কোনও কোনও ব্যক্তির ক্ষেত্রে উদ্বেগের কারণ হতে পারে। স্বাস্থ্যমন্ত্রকের তরফে রাজ্যগুলিকে সতর্ক থাকতে বলার পাশাপাশি টেস্টিং বাড়াতে বলেছে।
এই মুহূর্তে সারা দেশে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি কেরলে। সেখানে প্রতিদিন সব থেকে বেশি মানুষ আক্রান্ত হচ্ছেন। কর্ণাটকে গত ২৪ ঘন্টায় কোভিডের ২৪ টি নতুন কেস রিপোর্ট করা হয়েছে। পশ্চিমবঙ্গে ছয়মাসের শিশু-সহ তিনজনের রিপোর্ট কোভিড পজিটিভ বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications