Covid 19 New Variant: শুধু কেরলেই ২৪ ঘন্টায় আক্রান্ত ৩০০, মৃত ৩! সতর্ক করেছেন WHO-র প্রাক্তন প্রধান বিজ্ঞানী
Covid 19 New Variant: সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। গত ২৪ ঘন্টায় কেরলে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩০০ জন। তিনজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী সারা দেশে সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৩৪১। দেশে করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টের JN.1 সাব ভ্যারিয়েন্টের সংক্রমণের জন্যই এই পরিস্থিতি বলে জানা গিয়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন সতর্ক করে বলেছেন, করোনায় আক্রান্ত হওয়ার সঙ্গে হাসপাতালে ভর্তির সংখ্যাও বৃদ্ধি পাবে। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি বলেছেন, কোভিডকে সাধারণ সর্দি হিসেবে বিবেচনা করা উচিত হবে না। এটি দীর্ঘ মেয়াদি প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। এক্ষেত্রে হার্ট অ্যাটাক, স্ট্রোক ও মানসিক সমস্যা রয়েছে।

পাশাপাশি সৌম্য স্বামীনাথন এও বলেছেন, আমরা সম্ভবত খুব বেশি হাসপাতালে ভর্তি হতে দেখিনি কারণ ভারতে টিকা দেওয়ার হার বেশি। তিনি বলেছেন, ২০২০ সালের থেকে আমাদের স্বাস্থ্য পরিষেবাও অনেক উন্নত হয়েছে।
কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুসারে ভারতে এখনও পর্যন্ত JN.1 সাব ভ্যারিয়েন্টের ২১ টি ঘটনার রিপোর্ট করা হয়েছে। যার মধ্যে ১৯ টি গোয়ায় এবং একটি করে মহারাষ্ট্র ও কেরলে। বর্তমানে JN.1 সাব ভ্যারিয়েন্টকে ভ্যারিয়েন্ট অফ ইন্টারেস্ট হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন বলেছেন, এর আগেও আমরা একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছি। বর্তমানে বৃদ্ধির ঘটনা প্রত্যাশিত ছিল বলে জানিয়েছেন তিনি। সৌম্য স্বামীনাথন প্রস্তুতি বাড়ানোর ওপরে জোর দিয়েছেন। তিনি বলেছেন, প্রতিদিন হাজার হাজার নতুন কেস রিপোর্ট হবে, যার মধ্যে কয়েক শতাংশ বা এক শতাংশকে হাসপাতালে ভর্তি হতে হবে।
তিনি বলেছেন, যদি একলক্ষ আক্রান্ত রিপোর্ট করা হয় , তাহলে অনেকেই গুরুতর অসুস্থ হবেন এবং তাঁদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রাক্তন প্রধান বিজ্ঞানী বলেছেন, যাঁদের বয়স ৬৫ বছরের বেশি এবং ইতিমধ্যেই কোনও না কোনও রোগে ভুগছেন, তাঁদেরকে হাসপাতালে ভর্তি হতে হবে। এজন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে এবং সতর্কতা অবলম্বন শুরু করতে হবে।
স্বাস্থ্যমন্ত্রকের প্রাথমিক সুপারিশ হল নমুনাগুলির জেনেটিক সিকোয়েন্সিংয়ের মাধ্যমে পরিস্থিতি পর্যবেক্ষণ করা। এই উদ্দেশে রাজ্য সরকারগুলিকে ভারতীয় সার্স কোভ ২ জিনোম কনসোর্টিয়াম, ইন্ডিয়ান কাউন্সিল ফর মেডিক্যাল রিসার্চ-এর অধীনে থাকা গবেষণাগারে নমুনা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications