দেশে লাফিয়ে বাড়ছে করোনা, গত ২৪ ঘণ্টায় ১০০০ জন কোভিড–১৯ পজিটিভ কেস
ভারতে কোভিড–১৯–এর আক্রান্তের সংখ্যা শনিবার ৭ হাজার ছুঁয়েছে এবং গত ২৪ ঘণ্টায় ১০০০টি নিশ্চিত করোনা আক্রান্তের কেস পাওয়া গিয়েছে। করোনা ভাইরাস মহামারি হওয়ার পর থেকে একদিনে ভারতে এটিই সবচেয়ে বেশি সংখ্যক কেস হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক অনুযায়ী, ভারতে মৃত্যুর হার ২০০–এর ওপর পৌঁছেছে।

দেশে মোট আক্রান্তের সংখ্যা
ভারতে মোট করোনা ভাইরাস কেসের সংখ্যা ৭,৪৪৭। এর মধ্যে ৬,৫৫৬টি সক্রিয় করোনা ভাইরাস রোগী রয়েছে এ দেশে। এই মারণ রোগ থেকে সুস্থ হয়ে উঠেছেন ৬৪৩ জন। গত ২৪ ঘণ্টায় আরও ৪০ জনের মৃত্যু হয়েছে, ভারতে মোট করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৩৯।

তালিকায় প্রথম মহারাষ্ট্র
মহারাষ্ট্রে রোজই করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে, এখনও পর্যন্ত এ রাজ্যে ১৫০০-এর বেশি কেস রয়েছে। করোনার প্রকোপ ভারতে শুরু হওয়ার পর থেকে বাণিজ্যনগরী মুম্বইতে ৮০০-এরও বেশি করোনা কেস ধরা পড়েছে। দেশের সব রাজ্যের তুলনায় মহারাষ্ট্রে মৃত্যুর হার সবচেয়ে বেশি, এখনও পর্যন্ত ১১০ জন মারা গিয়েছে। দেশের মধ্যে এ রাজ্যেই ৪৬% শতাংশ মৃত্যু হয়েছে।

দেশের কিছু রাজ্য করোনায় শীর্ষ তালিকায়
শেষ কয়েকটা দিন যাবৎ তামিলনাড়ুতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। মোট ৯১১ জন মানুষের করোনা পজিটিভ বেড়িয়েছে রিপোর্টে। দিল্লিতে করোনা আক্রান্তের সংখ্যা ৯০৩। শুক্রবার উত্তরপ্রদেশে ২০টিরও বেশি নতুন করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এ রাজ্যে মোট করোনার সংখ্যা ৪৩১। রাজস্থানে করোনা কেস বেড়ে দাঁড়িয়েছে ৫৫৩। মধ্যপ্রদেশে নিশ্চিত করোনা কেস ৪৩৫ টি ও মৃত্যু ৩৩ জনের। কেরলে ৩৬৪টি কোভিড-১৯ কেস রয়েছে। গুজরাতে একদিনে ৬৭ জনকে পরীক্ষা করে রিপোর্ট পজিটিভ এসেছে। গুজরাতে মোট করোনার সংখ্যা ৩০৮ জন।

গোষ্ঠী সংক্রমণ নেই ভারতে
ভারতে এখন ২১ দিনের লকডাউন চলছে যা শেষ হবে ১৪ এপ্রিল। ইতিমধ্যেই ওড়িশা ও পাঞ্জাব লকডাউন বাড়িয়ে দেওয়ার ঘোষণা করেছে। ৩০ এপ্রিল পর্যন্ত এই দুই রাজ্যে লকডাউন চলবে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে জানা গিয়েছে, ‘ভারতে এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী সংক্রমণ নেই তাই অযথা আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই।' স্বাস্থ্য মন্ত্রকের মতে, বৃহস্পতিবার করোনা পরীক্ষার হার ছিল ০.২%, অর্থাৎ ১৬ হাজার নমুনা পরীক্ষা করা হয়েছে। তবে এখনও দেড় লাখ নমুনা পরীক্ষা করা বাকি রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

বিশ্বে করোনা কেসে শীর্ষে আমেরিকা
নোভেল করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ১০০,৮৫৯। ইতালিতে প্রথম এই মহামারি দেখা দেওয়ার পর থেকে বিশ্বজুড়ে ১.৬ মিলিয়ন কেস নথিভুক্ত হয়েছে। ইতালিতে প্রথম মৃত্যু হয় ফেব্রুয়ারিতে, এরপর সেই মৃত্যু মিছিল বেড়ে গিয়ে ১৮,৮৪৯ জনে গিয়ে দাঁড়ায় এবং সংক্রমণের সংখ্যা ১৪৭,৫৭৭। মার্কিন যুক্তরাষ্ট্রে নোভেল করোনা ভাইরাস অর্ধ-মিলিয়ন অতিক্রম করে ৫০০,৩৯৯ জন আক্রান্তে গিয়ে দাঁড়িয়ে রয়েছে। এই দেশে মৃত্যুর হার অতিক্রম করেছে ১৮ হাজার, উৎসস্থল নিউইয়র্কে ১৭৪,৪৮১টি কেস পাওয়া গিয়েছে এবং মৃত্যুর সংখ্যা ৭,৮৮৪টি।












Click it and Unblock the Notifications