দিল্লির ঘটনায় ৪ ভিডিও, যা আদালতে চালিয়ে দেখানো হল পুলিশকে
দিল্লির ঘটনায় ৪ ভিডিও, যা আদালতে চালিয়ে দেখানো হল পুলিশকে
উস্কানিমূলক বক্তৃতা দিলেও পুলিশ কেন বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, তারজন্য দিল্লি পুলিশকে তিরস্কার করল দিল্লি আদালত। এদিন আদালতে পুলিশ দাবি করে তারা উস্কানিমূলক ভিডিও দেখেনি। এরপরেই আদালতে চারটি ভিডিও চালিয়ে দেখানো হয়। সেখানে উপস্থিত ছিলেন দিল্লি পুলিশের ডেপুটি কমিশনার, আইনজীবী এবং সলিসিটর তুষার মেহতা।

বিজেপির কপিল মিশ্রের ভিডিও
এদিন আদালতে বিজেপি নেতা কপিল মিশ্রের ভিডিও চালিয়ে দেখানো হয়। মৌজপুর চকে রবিবার এই ভাষণ দেন কপিল মিশ্রা। দিল্লি পুলিশকে দেওয়া হুঁশিয়ারিতে কপিল মিশ্রা বলেছিলেন, তিন দিনের মধ্যে জাফরাদা এবং চাঁদবাগের সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে দিতে হবে। নিজের বক্তব্য নিয়ে কপিল মিশ্র টুইট করে বলেছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফর পর্যন্ত তারা শান্ত থাকবেন।

বিজেপির পরবেশ ভার্মার ভিডিও
অপর ভিডিওটি হল পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ পরবেশ ভার্মার। তিনি উস্কানিমূলক বক্তৃতায় বলেছিলেন শাহিনবাগের সিএএ বিরোধীরা ধর্ষণকারী এবং হত্যাকারী। দিল্লির ভোটের আগে সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি আপত্তিকর মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, দিল্লির মানুষের ভেবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কেননা তারা( শাহিনবাগের বিক্ষোভকারীরা) তোমাদের ঘরে ঢুকবে, বোন কিংবা কন্যাকে ধর্ষণ করে হত্যা করবে।
এছাড়াও হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছিলন বিজেপি যদি দিল্লিতে ক্ষমতায় আসে তাহলে একঘন্টা সময় নেবে এই বিক্ষোভ তুলতে।

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভিডিও
এদিন কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের ভিডিও চালিয়ে দেখানো হয়। যেখানে তিনি বিতর্কিত 'গোলি মারো' স্লোগান দিয়েছিলেন। রিথালার বিজেপি প্রার্থীর সমর্থনে হওয়া সভায় কেন্দ্রীয় মন্ত্রী বিতর্কিত স্লোগান দিয়েছিলেন।

বিজেপি বিধায়ক অভয় ভার্মার ভিডিও
আদালতে শেষ যে ভিডিওটি চালানো হয়, সেটি বিজেপি বিধায়ক অভয় ভার্মার। যাতে বিধায়ককে উস্কানিমূলক স্লোগান দেওয়া একদল লোককে নেতৃত্ব দিতে দেখা যাচ্ছে। তারা বলছে যারা পুলিশকে হত্যা করেছে, তাদের গুলি করে মারো। যদিও সংবাদমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে নবনির্বাচিত বিজপি বিধায়ক দাবি করেছেন, তিনি স্লোগান দিতে বারণ করেছিলেন। ভার্মা আরও দাবি করেন, সেখানকার মানুষ জোর করে দোকান বন্ধ করেছিল। তিনি তা খুলতে গিয়েছিলেন।












Click it and Unblock the Notifications