দেশজোড়া উদ্বেগের মাঝেই এই রাজ্যে আচমকা বন্ধ হয়ে গেল করোনা টিকাকরণ, নেপথ্যে কী কারণ?
মাসের শুরুতেই ধাক্কা, এই রাজ্যে আচমকা বন্ধ হয়ে গেল করোনা টিকাকরণ
টিকা প্রস্তুতিতে জোর দিয়েও মেটানো যাচ্ছে না আকাল। ফলস্বরূপ একাধিক রাজ্যে জোরদার ধাক্কা খাচ্ছে গোটা টিকাকরণ প্রক্রিয়া। এবাপ ভ্যাকসিনের অভাবে টিকাকরণ প্রক্রিয়া বন্ধ হয়ে গেল তামিলনাড়ুতে। ২ জন থেকে ৫ জুন অবধি তামিলনাড়ুতে করোনা টিকাকরণ প্রক্রিয়া বন্ধ থাকবে বলে সরকারি বিবৃতি দিয়ে জানানো হয়েছে। যার জেরে ফের উদ্বেগ বাড়তে শুরু করেছে সাধারণ মানুষের মধ্যে।

সূত্রের খবর, রাজ্য সরকার সূত্রে পাওয়া খবর অনুযায়ী তারা তাদেক অর্ডারের পরবর্তী চালান আগামী ৬ তারিখের মধ্যে পেয়ে যাবেন। তারপরেই ফের রাজ্যে টিকাকরণ প্রক্রিয়া শুরু হতে পারে। এই প্রসঙ্গে বলতে গিয়ে তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুব্রামানিয়ান বলেছেন, " আমাদের কাছে এখনও অবধি যা ভ্যাকসিন রয়েছে তা মঙ্গলবার সন্ধ্যা নাগাদ শেষ হয়ে যাবে। তাই পরবর্তী চালান না আসা অবধি অপেক্ষা করা ছাড়া আর উপায় নেই।”
এদিকে এখনও অবধি তামিলনাড়ু মোট ৯৬.১৮ লক্ষ টিকা ডোজ পেয়েছে। যার মধ্যে ৮৯ লক্ষ ডোজ ইতিমধ্যে দেওয়া হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। বাকী যা ভ্যাকসিনের ডোজ ছিল তা মঙ্গলবার সন্ধ্যের মধ্যে শেষ হওয়ার কথা। এমতাবস্থায় কার্যত শূন্য ভাঁড়ারে টিকাকরণ প্রক্রিয়া চালানো কার্যত অসম্ভব। তাই আগামী ৫ জুন পর্যন্ত গোটা প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নব গঠিত ডিএমকে সরকার।
এদিকে এরপর যে পরিমাণ টিকা অর্ডার দেওয়া রয়েছে তার মধ্যে প্রথম চালানটি আগামী ৬ তারিখ পাঠাচ্ছে ভারত বায়োটেক। দ্বিতীয় চালানটি আগামী ৯ তারিখ পাঠাচ্ছে সিরাম ইন্সস্টিটিউট। এদিকে ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকাকরণের জন্য তামিলনাড়ুতে কেন্দ্রের তরফে ২৫ লক্ষের উপর করোনা টিকা পাঠানোর কথা থাকলেও তারা এখনও পর্যন্ত মাত্র ১৩ লক্ষ ডোজ পেয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে শুরু থেকেই টিকা বণ্টনে কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হয়েছে তামিল সরকার। যা নিয়ে একাধিক বার রাজ্য-রাজনীতির ময়দানে তুমুল সমালোচনার মুথে পড়েছে কেন্দ্র।












Click it and Unblock the Notifications