চিন ফেরত নাগরিকরা স্বাস্থ্য পরীক্ষা এড়ালে তা অপরাধ বলে গণ্য হবে!
গত ছয়দিনে কেরলে তিন জন সংক্রামিত হয়েছে করোনা ভাইরাসে। তারপরেই সোমবার রাজ্য পর্যায়ের বিপর্যয় ঘোষণা করে কেরল সরকার। এরই মধ্যে কেরলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবরকমের ব্যবস্থা নেওয়ার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী কেকে শৈলজা। পাশাপাশি তিনি বলেন, 'চিন থেকে দেশে ফিরে আসা কেউ যদি স্বাস্থি পরীক্ষা এড়াতে স্বাস্থ্য কর্মীদের নজর এড়াতে চান তাহলে তাকে অবরাধী বলে গণ্য করা হবে।'

৪০ হাজার স্বাস্থ্য কর্মী নিয়োগ
করোনা ভাইরাস যাতে আর রাজ্যে ছড়িয়ে না পড়ে সেই কারণে সর্বশক্তি প্রয়োগ করেছে কেরল সরকার। প্রায় ৪০ হাজার স্বাস্থ্য কর্মী, সরকারি আধিকারিককে কাজে লাগানো হয়েছে। এছাড়া ৪০টি রাজ্য সরকারি দফতরের কর্মীরা কাজ করছেন। এছাড়া ১২০০ স্বনির্ভর গোষ্ঠীকেও সচেতনতার কাজে লাগানো হয়েছে। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী নিজে নজরদারি চালাচ্ছেন বিভিন্ন পরিস্থিতির উপর।

রাজ্য স্তরের বিপর্যয় ঘোষণা কেরলে
করোনা ভাইরাসে আক্রান্ত তিন জন রাজ্যের তিন ভিন্ন জায়গার হাসপাতালে ভর্তি রয়েছেন। একজন কাসারগড়ে, দ্বিতীয় জন ত্রিশূরে এবং তৃতীয় জন আলাপ্পুজায় হাসপাতালে চিকিৎসাধীন। তার পরেই রাজ্য স্তরের বিপর্যয় হিসাবে ঘোষণা করে কেরল সরকার।

নজরদারির মধ্যে ২৫০০ বাসিন্দা
জানা গিয়েছে গত তিন দিনে ৮০ জন এই তিন করোনা ভাইরাস আক্রান্তের সংস্পর্শে এসেছে। তাঁদের খোঁজ করে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। গোটা রাজ্যে প্রায় ২৫০০ বাসিন্দাকে নজরদারির মধ্যে রেখেছেন স্বাস্থ্যকর্মীরা। তার মধ্যে ৭৫ জনকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে।

চিনে মারা গিয়েছে ৪২৬ জন
এদিকে চিনে ৪২৬ জনের প্রাণ ইতিমধ্যেই কেড়ে নিয়েছে নভেল করোনা ভাইরাস। আর তার জেরেই আতঙ্ক ছড়িয়ে চিন সহ গোটা বিশ্বে। বিশ্বস্বাস্থ্য সংস্থা ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে জারি করেছে সতর্কতা। চিনে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ হাজার মানুষ।












Click it and Unblock the Notifications