করোনা যুদ্ধে ট্রেনের ২০ হাজার কোচ নিয়ে ময়দানে ভারতীয় রেল! শুরু নয়া উদ্যোগ
করোনা যুদ্ধে ভারতীয় রেল বড়সড় পদক্ষেপের পথে এগিয়ে চলেছে। বহুদিন ধরেই ট্রেনের কোচকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করার কথা জানা গিয়েছে রেল সূত্রে। এবার জানা গেল দেশের কত হাজার কোচ নিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে শামিল হতে চলেছে পীযূষ গেয়েলের মন্ত্রক।

করোনা নিয়ে উদ্যোগ রেলওেজের
করোনা নিয়ে ভারতীয় রেল বড়সড় উদ্যোগের পথে। এবার সারা দেশের প্রায় ২০ হাজার কোচকে আইসোলেশনে রূপান্তরের পথে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। এর আগে গতবুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক করেন প্রধানমন্ত্রী। সেই বৈঠকেই সংক্রমণ ঠেকাতে কী কী পদক্ষেপ করা যেতে পারে তা নিয়ে নতুন চিন্তা ভাবনার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর অনুযায়ী, সেই বৈঠকেই প্রস্তাব হিসেবে উঠে আসে রেলের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ড হিসেবে ব্যবহারের কথা।

প্রাথমিকভাবে ৫ হাজার কোচকে রূপান্তরিত করা হবে
জানা গিয়েছে, ২০ হাজারের মধ্য়ে প্রাথমিকভাবে ৫ হাজার কোচকে করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তরিত করা হবে। পরবর্তীকালে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হবে। সোমবার এই সিদ্ধান্তে শিলমোহর দিয়েছে রেলমন্ত্রক।

কোন কোন কোচকে এমন কাজে লাগানো হবে?
জানা গিয়েছে, শুধুমাত্র নন এসি ও স্লিপার কোচগুলিকে এমন পদক্ষেপে সামিল করা হবে। আইসোলেশন ওয়ার্ড কীভাবে কাজ করতে পারে তা নিয়েও আলোচনা হয়েছে ভারতীয় সেনার মেডিক্যাল অফিসারদের সঙ্গে।

কীভাবে কাজ করবে রেল?
যদি ট্রেন সফরের মধ্যে কোনও ব্যক্তির শারীরিক অসুস্থতা দেখা দেয় অর্থাৎ তাঁর যদি করোনার মতো লক্ষণ থাকে, তাহলে নিকটবর্তী যে স্টেশনে এই আইসোলেশন ওয়ার্ডের ট্রেনটি থাকবে , সেখানেই সেই রোগীকে ভর্তি করা হবে।

আইসোলেশন ওয়ার্ড তৈরিতে যুদ্ধকালীন তৎপরতা শুরু
ভারতে যে সমস্ত প্রত্যন্ত এলাকায় আইসোলেশন ওয়ার্ড গড়ার সমস্যা রয়েছে, সেখানে করোনার প্রকোপ থেকে মানুষকে রক্ষা করতে এবার চরম উদ্যোগ রেলের। কোভিড ১৯ মোকাবিলায় রেলের কামরাগুলিকে আইসোলেশন ওয়ার্ডে রূপান্তর করার কাজ শুরু। রেলের কোচ ফ্যাক্টরি কাপুরথালায় বিশেষত শুরু হয়েছে এই পদক্ষেপ।












Click it and Unblock the Notifications