গোটা বিশ্বের নিরিখে ভারতে উল্লেখযোগ্য ভাবে কমছে করোনায় মৃত্যুহার, নেপথ্যে কি কারণ
গোটা বিশ্বের নিরিখে ভারতে উল্লেখযোগ্য ভাবে কমছে করোনায় মৃত্যুহার, নেপথ্যে কি কারণ
বিশ্বজুড়ে ত্রাস হয়ে দেখা দেওয়া করোনা মহামারীর জেরে বর্তমানে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় ১.৮৩ কোটি, মারা গেছেন প্রায় ৭ লক্ষ মানুষ। যদিও ভারতের জন্য আশার কথা এই যে, বিশ্বে করোনায় মৃত্যুর হার ৩.৮% হলেও ভারতে সেই হার ২.০৭%-এর কাছাকাছি। বুধবার নতুন করে ৯০০ জন মারা যাওয়ায় ভারতে মোট মৃত্যুসংখ্যা ছুঁল ৪০,৬৯৯ জন।

সঠিক পদ্ধতিতে পরীক্ষা হলে আর কমতে পারে মৃত্যু হার
করোনায় মৃত্যুর তালিকায় শীর্ষে আমেরিকা। মার্কিন মুলুকে মারা গেছেন প্রায় ১.৫ লক্ষ মানুষ। মার্কিন মুলুকেও মৃত্যুর হার প্রায় ৩.৩% বেশি। যদিও গবেষকদের মতে, ভারতে পরীক্ষার হার কম হওয়ায় করোনা ধরা পড়েছে কম, ফলত ঠিকঠাক পদ্ধতি মেনে বিক্ষিপ্ত ভাবে পরীক্ষা সংঘটিত হলে ভারতে মৃত্যুর হার ১%-এরও কম হবে। উদাহরণ হিসেবে বলা যায়, রাজধানী দিল্লিতে প্রায় আক্রান্তের সংখ্যা ১.৪ লক্ষ এবং মৃত ৪,০৪৪ জন, ফলত মৃত্যুর হার প্রায় ২.৮৮%। কিন্তু সেরোলজিক্যাল সমীক্ষা বলছে, দিল্লিবাসীর প্রায় ২৩% অর্থাৎ প্রায় ৪০ লক্ষ মানুষ কোভিডের সংস্পর্শে এসেছেন পূর্বেই, সেই হিসেবে দিল্লিতে মৃত্যুর হার হওয়ার কথা মাত্র ০.১%!

সঠিক পরিসংখ্যানের অভাবে বোঝা যাচ্ছে না করোনার গতিপ্রকৃতি
গবেষকদের মতে, বর্তমানে বিশ্বে নানাভাবে করোনায় মৃত্যুর সংখ্যায় গরমিল হচ্ছে। করোনা পজিটিভদের অন্য রোগে মৃত্যু হলে তাঁদের মৃত্যুকে করোনার কারণে ধরা হচ্ছে না, তাছাড়া সঠিক পরিমাণে টেস্টের অভাব তো আছেই। ফলত বিজ্ঞানীরা বলছেন, বর্তমানে ভারত তথা সমগ্র বিশ্বের মৃত্যুহার আদতে অনেকটাই কম এবং করোনার কারণে মৃত্যুহার বুঝতে গেলে মহামারী কেটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতেই হবে। অন্যদিকে, প্রত্যহ মৃত্যুমিছিল বেড়েই চলেছে ভারতে। গত কয়েকদিন ধরে প্রত্যহ গড়ে ৭০০ জন করে মারা যাচ্ছেন করোনায়। বিশেষজ্ঞদের মতে, মৃত্যুসংখ্যা গণনার ক্ষেত্রে থেকে যাচ্ছে গলদ। আগের দিনের মৃতদের মৃত্যুর কারণ জানতে কেটে যাচ্ছে দিন, ফলত পরের দিনের মৃতদের সাথে আগের দিনের মৃতদের গোনা হচ্ছে, হিসেবে ভুল হয়ে চলেছে। ফলে ভুল হচ্ছে করোনার গতিপ্রকৃতি বোঝার ক্ষেত্রেও!

তিনদিন একটানা পতনের পর বুধবার ফের আক্রান্তের সংখ্যা বৃদ্ধি
পরস্পর তিনদিন ভারতে করোনা আক্রান্তের সংখ্যায় উল্লেখযোগ্য হ্রাস দেখা গেলেও বুধবার বেড়ে যায় নতুন করে আক্রান্তের সংখ্যা। প্রায় ৫৬,০০০ জন নতুন করে আক্রান্ত হওয়ায় এখনও পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ১৯ লক্ষের কাছাকাছি। যদিও ভারতে বেড়েছে সেরে ওঠার হার। এখনও পর্যন্ত প্রায় ১৩.২৮ লক্ষ মানুষ সুস্থ হাওয়ায় ভারতে সুস্থাতার হার পৌঁছেছে ৬৭.৬ শতাংশে। ফলে আরও অধিক পরিমাণে বিক্ষিপ্ত করোনা পরীক্ষার উপর জোর দিচ্ছে আইসিএমআর।












Click it and Unblock the Notifications