করোনার দৈনিক সংক্রমণ নামল হাজারের ঘরে, দেশে আর সক্রিয় মাত্র ১৩ হাজার
করোনার নয়া ভ্যারিয়েন্টের আশঙ্কা ছড়িয়েছে বিশ্বে। ওমিক্রনের থেকেও ১০ গুণ শক্তিশালী এক্স-ই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে মহামারী রূপ নিয়ে। সেই আশঙ্কার মধ্যেই দেশে করোনা সক্রিয় কমে ১৩ হাজার হল।
করোনার নয়া ভ্যারিয়েন্টের আশঙ্কা ছড়িয়েছে বিশ্বে। ওমিক্রনের থেকেও ১০ গুণ শক্তিশালী এক্স-ই ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়তে পারে মহামারী রূপ নিয়ে। সেই আশঙ্কার মধ্যেই দেশে করোনা সক্রিয় কমে ১৩ হাজার হল। করোনামুক্ত হওয়ার পথে ভারত। এদিন করোনার দৈনিক সংক্রমণ নামল হাজারের ঘরে। চিন্তা শুধু মৃতের সংখ্যা নিয়ে।

করোনার দৈনিক সংক্রমণ গ্রাফে এদিনও স্বস্তির ছবি দেখা গিয়েছে। ভারতে করোনার দৈনিক সংক্রমণ নেমে এসেছে হাজারের ঘরে। একটা সময় প্রায় তিন লক্ষ করে দৈনিক সংক্রমণ হয়েছে। স্বাস্থ্যমন্ত্রকের তথ্যে দেখা গেছে, গত ২৪ ঘন্টায় ভারতে ১০৯৬ জন করোনা সংক্রমিত হয়েছেন। এই মুহূর্তে দেশে করোনার মোট সংক্রমণ ৪ কোটি ৩০ লক্ষ ২৮ হাজার ১৩১।
তবে দেশের বুকে করোনায় মৃতের সংখ্যা বা মৃত্যু হার নিয়ে চিন্তা যাচ্ছে না কিছুতেই। মৃত্যু হার নিয়ে চিন্তিত বিশেষজ্ঞরা। করোনায় মৃতের সংখ্যা ওঠা-পড়া লেগেই রয়েছে দেশে। কখনও ৫০-র নীচে নেমে যাচ্ছে, আবার কখনও তা বেড়ে ১০০-র উপরে উঠে যাচ্ছে। সম্প্রতি করোনায় মৃতের সংখ্যা নেমে গিয়েছিল ৫০-এ। গতকালের মতো এদিনও দৈনিক মৃতের সংখ্যা ৮০ উপরে।
ভারতে করোনার তৃতীয় ঢেউয়ে সুনামির আকার নিতে শুরু করেছিল সংক্রমণ। সেইসঙ্গে আবার দেশে করোনায় মৃত্যু সংখ্যাও বেড়ে গিয়েছিল বহুগুণ। করোনায় মৃতের সংখ্যা ১২০০-র উপরে উঠে গিয়েছিল একটা সময়ে। সেখান থেকে কমে ৫০-এর নীচে নেমে যায় করোনায় দৈনিক মৃতের সংখ্যা। এদিন করোনার দৈনিক মৃতের সংখ্যা ৮১। করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫,২১,৩৪৫-এ পৌঁছে গিয়েছে।
1,096 new COVID19 cases in India today; Active cases stand at 13,013 pic.twitter.com/zmdGPfGBsE
— ANI (@ANI) April 3, 2022
ভারতে গত ২৪ ঘন্টায় মোট ১ হাজার ৪৪৭ জন রোগী সুস্থ হয়েছেন, যা সারা দেশে মোট করোনামুক্তের সংখ্যাকে পৌঁছে দিয়েছে ৪,২৪,৯৩,৭৭৩-তে। করোনামুক্তের সংখ্যা দৈনিক আক্রান্তের প্রায় দেড়গুণ। এদিন করোনা সক্রিয় কমেছে ৪৩২ জন। এই মুহূর্তে করোনা সংক্রিয়ের সংখ্যা ১৩ হাজার ১৩ জন। রবিবারের পরিসংখ্যানে দেশে সংক্রমণের গ্রাফ যথেষ্ট কমলেও মৃত্যুহার নিয়ে উদ্বেগ জারি রয়েছে।
করোনার দৈনিক সংক্রমণ, সংক্রমণের হার ও করোনা মুক্তের সংখ্যায় স্বস্তি ফিরেছে। কেরলে সংক্রমণ এখনও অন্য রাজ্যের তুলনায় অনেকটাই বেশি। এদিনও করোনার সর্বোচ্চ সংখ্যা নথিভুক্ত হয়েছে কেরলে। কেরলে সংক্রমিত হয়েছেন ৩৩১ জন। গতকালের তুলনায় প্রায় শ-খানেক কমেছে সংক্রমণ। সেখানে মহারাষ্ট্রে সংক্রমিত হয়েছেন ১৩০ জন মাত্র। তারপর রয়েছে দিল্লি। দিল্লিতে সংক্রমিত হয়েছেন ১১৪। বাংলায় ৭০ জন সংক্রমিত হয়েছেন।
করোনার মোট সংক্রমণে শীর্ষ পাঁচটি রাজ্যের মধ্যে সবার প্রথম মহারাষ্ট্র। তারপরে রয়েছে কেরল। কর্নাটক রয়েছে তিন নম্বরে। পশ্চিমবঙ্গ রয়েছে ৭ নম্বরে। পশ্চিমবঙ্গের উপরে রয়েছে তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। দৈনিক সংক্রমণে সবার উপরে কেরল। তারপর রয়েছে কর্নাটক, তারপর মহারাষ্ট্র।












Click it and Unblock the Notifications