বাতাসে মাত্র কিছুক্ষণেই শেষ হয়ে যায় করোনার কার্যক্ষমতা, সামনে এল নয়া তথ্য
গোটা বিশ্বে সুনামির মত আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। আর সৌজন্যে অবশ্যই ওমিক্রন। এর আগে একাধিক গবেষণায় বিশেষজ্ঞরা দাবি করেছেন যে করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের থেকেও অনেক বেশি দ্রত সংক্রামক করোনার এই নয়া প্রজাতি ওমিক্রন। প্রসঙ্গত, বি.১.১.৫২৯ কোভিড ভেরিয়েন্ট বা ওমিক্রনের খোঁজ প্রথম পাওয়া যায় ২০২১ সালের নভেম্বর মাসে দক্ষিণ আফ্রিকায়। আর সেখান থেকে জানুয়ারি ২০২২, অর্থাৎ মাত্র ২ মাসের মধ্যেই পৃথিবীর অধিকাংশ দেশে ছড়িয়ে পড়েছে এই নয়া প্রজাতির করোনা ভাইরাস। আর এবার এই ভাইরাস নিয়ে আবার সামনে এল নতুন তথ্য।

সম্প্রতি ইউনিভার্সিটি অফ ব্রিস্টলের অ্যারোসল রিসার্চ সেন্টার দ্বারা পরিচালিত একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে, করোনা ভাইরাস বাতাসের সংস্পর্শে আসার প্রায় ২০ মিনিটের মধ্যে সংক্রামিত হওয়ার ৯০ শতাংশ ক্ষমতা হারিয়ে ফেলে। আরও সুনির্দিষ্টভাবে বলতে গেলে, বাতাসের সংস্পর্শে আসার পর প্রথম ৫ মিনিটের মধ্যেই করোনা তার বেশিরভাগ ক্ষমতা হারিয়ে ফেলে।
ব্রিস্টল বিশ্ববিদ্যালয়ের অ্যারোসল রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক জোনাথন রিড গবেষণা করে বার করেছেন এই নতুন তথ্য। তিনি জানিয়েছেন, কয়েক মিটার বা একটি ঘর জুড়ে বায়ুবাহিত সংক্রমণ যে একদমই ঘটবে না সেটা নয়। কিন্তু এক্ষেত্রে যদি মানুষ সবরকম সাবধানতা অনলম্বন করেন তাহলে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি অনেক কম থাকে। যদি কয়েকজন ব্যক্তি কাছাকাছি অবস্থাব করেন, তাহলে সেক্ষেত্রে ঝুকির পরিমাণ সবথেকে বেশি হয়।
শ্বাস নেওয়ার পরে আসলে কী ঘটে তা খুঁজে বের করার জন্য, গবেষকরা, প্রথমবারের মতো, একটি যন্ত্র তৈরি করেছেন যা একটি সিমুলেটেড পরিবেশে এই ভাইরাসের গতি প্রকৃতি সম্পর্কে বিজ্ঞানীদের অবগত করতে সক্ষম। প্রথম সিমুলেটেড পরীক্ষায় দেখা গিয়েছে যে, বাতাসের সংস্পর্শে আসার মাত্র ৫ মিনিট পর থেকেই করোনা তার কার্যকারিতা হারাতে থাকে।
প্রথম থেকেই করোনা সংক্রমণ ঠেকাতে বার বার সতর্ক করা হচ্ছে মাস্ক পরার জন্য। কিন্তু অনেকাংশেই এখনও অসচেতনতা লক্ষ করা যাচ্ছে। বাজার দোকান কিংবা রাস্তা ঘাটে হামেশাই বহু মানুষ মাস্ক ছাড়া চলাফেরা করে থাকেন। শুধু তাই নয়, বার বার সতর্কতা মূলক বার্তা দেওয়ার পরেও করোনাবিধিকে বুড়ো আঙুল দেখিয়ে মাস্কহীন অবস্থায় ঘোরেন অসতর্ক মানুষ। কিন্তু বিশেষজ্ঞদের মত, ঠিকঠাক মত মাস্ক পরলেই এই মারণ ভাইরাসের হাত থেকে সহজেই রেহাই মিলতে পারে সকলের।












Click it and Unblock the Notifications