লাগাতার ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, এক নজরে কোভিড-১৯ এর 'সাত কাহন'
লাগাতার ঊর্ধ্বমুখী দেশের করোনা গ্রাফ, এক নজরে কোভিড-১৯ এর 'সাত কাহন'
দেশ জুড়ে এককথায় ফের একবার ত্রাস সৃষ্টি করছে লাগাতার বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণ। আর এবার নতুন বছরের প্রথম সপ্তাহের শেষে দেশের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা আরও একবার উস্কে দিচ্ছে সদ্য ফেলে আসা ২০২১ সালের মাঝামাঝি সময়ের স্মৃতি। আর যার জন্য রীতিমত ঘাম ছুটছে বিশেষজ্ঞ থেকে চিকিৎসকদের। গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণের গ্রাফ ফের রেকর্ড তৈরি করল ভারতের।

২৪ ঘন্টায় করোনা সংক্রমণ
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রবিবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৬৩২ জন। যা শনিবারের তুলনায় ১২ শতাংশ বেশি। এরই সঙ্গে এখনও পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ৩ কোটি, ৫৫ লাখ, ২৮ হাজার ৪ জন। ভারতের করোনা কবলিত ২৭ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের রিপোর্ট অনুযায়ী, ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩,হাজার ৬২৩ জন।

অ্যাক্টিভ কেসের সংখ্যা বৃদ্ধি
গত ২৪ ঘণ্টায় দেশে অ্যাক্টিভ করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ, ১৮ হাজার, ৪৪২ টি। আর এর সঙ্গেই দেশে অ্যাক্টিভ করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে ১.৬৬ শতাংশ। ভারতে সক্রিয় রোগীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে একদিনে সুস্থতার হার কমে এসে দাঁড়াল ৯৬.৯৮ শতাংশ।

দেশের পজিটিভিটি রেট
দেশে এই মুহূর্তে পজিটিভিটি রেটও অত্যন্ত বেশি বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভারতে দৈনিক করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১০.২১ শতাংশে। অবশ্য এরই সঙ্গে দেশব্যাপী টিকাকরণ অভিযানে অনেকটাই সাফল্য মিলেছে সরকারের। এখনও পর্যন্ত গোটা দেশে ১৫১.৫৮ কোটি টিকাদান করা হয়েছে বলে খবর।

ওমিক্রনের বাড়বাড়ন্ত
এক দিনে লাফ দিয়ে ভারতে অনেকটাই বৃদ্ধি পেয়েছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ২৪ ঘণ্টায় দেশে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৬১৬ জন। ফলে দেশে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা পৌঁছল ৩ হাজার ৬২৩ জন। এর মধ্যে সবথেকে উপরে রয়েছে মহারাষ্ট্রের স্থান। সেই রাজ্যে ওমিক্রন আক্রান্ত ১ হাজার ৯জন। দ্বিতীয় স্থানে রয়েছে দিল্লি। রাজধানীতে ওমিক্রন আক্রান্ত হয়েছেন ৫১৩ জন। পাশাপাশি পশ্চিমবঙ্গে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২৭ টি। এখনও পর্যন্ত দেশে ওমিক্রন মুক্ত হয়েছেন ১ হাজার ৪০৯ জন।

মহারাষ্ট্রে করোনা গ্রাফ
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলির মধ্যে একটি হল মহারাষ্ট্র। সেখানে নতুন করে ৪১ হাজার ৪৩৪ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সেই সঙ্গে ওমিক্রন আক্রান্তের দিক থেকেও শীর্ষে রয়েছে এই রাজ্য। ওমিক্রন আক্রান্ত হয়েছেন ১,০০৯ জন। ওই রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৩ জনের। যার মধ্যে ৫জন শুধু মম্বইয়ের বাসিন্দা। মুম্বইতে একদিনে মোট করোনা আক্রান্ত হয়েছেন ২০,৩১৮ জন।

দিল্লির করোনা গ্রাফ
মহারাষ্ট্রের পরেই করোনা আক্রান্তের নিরিখে দেশে দিল্লির স্থান। দেশের রাজধানীতে ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২০,১৮১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের।

পশ্চিমবঙ্গের করোনা চিত্র
এদিকে সংক্রমণের দৌড়ে পিছিয়ে নেই আমাদের বাংলাও। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যায় প্রথম দুইযয়ের মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের স্থান। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ১৮,৮০২ জন। গত বছর করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রামিতের সংখ্যা এক হাজার থেকে ১৮ হাজারের ঘর টপকাতে সময় নিয়েছিল ৩৯ দিন। কিন্তু করোনার তৃতীয় টেউয়ে ওমিক্রনের দৌলতে মাত্র ১০ দিনেই এক হাজার থেকে ১৮ হাজারে গণ্ডি টপকালো আক্রান্ত সংখ্যা। শনিবার রাজ্যে ১৮,৮০২ জন ও কলকাতায় ৭,৩৩৭ জন করোনা আক্রান্ত হয়েছেন।












Click it and Unblock the Notifications