এক লাইনে কীভাবে এল দুটি ট্রেন, করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার নেপথ্যে কী কারণ
ওড়িশার বালেশ্বরে মালগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাইনচ্যুত হয়ে পড়ে আপ করমণ্ডল এক্সপ্রেস। পাশের লাইনে থাকা যশবন্তপুর এক্সপ্রেসও লাইনচ্যুতও হয়ে পড়ে। কিন্তু কীভাবে এক লাইনে চলে এল দুটি ট্রেন? কীভাবেই করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস দুটি লাইনচ্যুত হয়ে পড়ল, তা নিয়ে তদন্ত শুরু করেছে রেল।

ভয়াবহ এই জোড়া ট্রেন দুর্ঘটনার নেপথ্যে কী কারণ? তবে কি করমণ্ডল ও যশবন্তপুর এক্সপ্রেস জোড়া ট্রেন দুর্ঘটনার নেপথ্যে রয়েছে সিগন্যাল ত্রুটি? নাকি চালকের ভুলেই ঘটে গেল ভয়াবহ ও মর্মান্তিক এই দুর্ঘটনা। রেলসূত্রে জানা গিয়েছে, মালগাড়ির সঙ্গে মুখোমুখি হয়ে যাওয়ার কারণে তিনটি বাদে সমস্ত বগিই বেলাইন হয়ে যায় করমণ্ডল এক্সপ্রেসের। লাইনচ্যুত হয়ে যায়ে মালগাড়িটির ৫টি কামরাও।
রেল ও স্থানীয় প্রশাসন এই ঘটনার তদন্তে নেমেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, নির্ধারিত গতিতে চলছিল করমণ্ডল এক্সপ্রেস। হঠাৎ করেই মালগাড়িটি সামনে চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ট্রেনটি। সংঘর্ষের অভিঘাতে মালগাড়ির উপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের কয়েকটি কামরা, বাকি কামরা রেল লাইনের উপরে উল্টে যায়।

ট্রেনের কামরাগুলি দুমড়ে-মুচড়ে গিয়েছে। কোচগুলো পুরনো হওয়ায় ভয়াবহতা আরো বেড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁরা বলেন, দুর্ঘটনা আটকাতে পারবে না এমন ধরনের বহু কোচ ছিল। দুর্ঘটনাগ্রস্ত ট্রেনটির নম্বর ছিল ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস।
মালগাড়ি ও পাশের লাইনে থাকা একটি ডাউন এক্সপ্রেসের সঙ্গে করমণ্ডল এক্সপ্রেসের সংঘাতে লাইনচ্যুত হয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল ওড়িশার বালাসোরে। এই দুর্ঘটনার পরই চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর। বালেশ্বরে চালু হল কন্ট্রোলরুমও। হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে হাওড়া, শালিমার, খড়গপুর, বালেশ্বর ডিভিশনে।
ভয়াবহ এই ট্রেন ঘটনার পর চালু করা হেল্পলাইন নম্বর গুলি নিম্নরূপ। হাওড়া ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন- 03326382217, খড়্গপুর ডিভিশনের যাত্রীদের জন্য হেল্পলাইন- 8972073925 ও 9332392339। বালেশ্বর ডিভিশনের হেল্পলাইন- ৮২৪৯৫৯১৫৫৯ ও 7978418322 এবং শালিমার ডিভিশনের জন্য 9903370746।

এছাড়া দুর্ঘটনাগ্রস্ত যাত্রীদের জন্য চালু করা কন্ট্রোলরুমের নম্বর হল 6782262286। যেকোনো সাহায্যের জন্য এই নম্বরে ফোন করা যাবে। দক্ষিণ-পূর্ব রেলের উচ্চ পদস্ত আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছেছে। বেশ কয়েকটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে রওনা হয়েছে।
করমণ্ডল এক্সপ্রেসের ১৮টি কোচ লাইনচ্যুত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ-পূর্ব রেলওয়ের সিপিআরও। এই ঘটনায় শতাধিক মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন তিন শতাধিক যাত্রী।












Click it and Unblock the Notifications