Odisha Train Accident: তিনটি ট্রেনের ড্রাইভার ও গার্ডদের অবস্থা কীরকম, তাঁরা কি নিরাপদে আছেন?
ওড়িশার বালাসোরে ট্রেন দুর্ঘটনায় মৃত ও আহতদের সংখ্যাটা পৌঁছেছে যথাক্রমে প্রায় ৩০০ ও হাজারের ওপরে। শেষ খবর পাওয়া পর্যন্ত শুক্রবার থেকে ১১৭৫ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। তাঁদের মধ্যে থেকে ৭৯৩ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সময়ই প্রশ্ন উঠছে তাহলে তিনটি ট্রেনের ড্রাইভার ও গার্ডরা কেমন আছেন।
এখনও পর্যন্ত দেশের সব থেকে খারাপ ট্রেন দুর্ঘটনার মধ্যে এই দুর্ঘটনা অন্যতম। দুটি এক্সপ্রেস ও একটি মালগাড়ির ড্রাইভার ও গার্ডরা জীবিত রয়েছেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে। এমনটাই জানানো হয়েছে রেলের তরফে।

রেলসূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী ট্রেনের ইঞ্জিনের চালক ও গার্ড অক্ষত অবস্থায় বেঁচে গিয়েছেন। অন্যদিকে করমণ্ডল এক্সপ্রেসের লোকো পাইলট ও তাঁর সহকারীর পাশাপাশি গার্ড ও বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের গার্ড আহতদের তলিকায় রয়েছেন।
এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, দক্ষিণ-পূর্ব রেলের খড়গপুর বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, দুটি ট্রেনের লোকো পাইলট ও সহকারী লোকো পাইলট এবং করমণ্ডল এক্সপ্রেসের গার্ড ও বেঙ্গালুরু-হাওড়া সুপার ফাস্ট এক্সপ্রেসের গার্ডকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শুক্রবার সন্ধে নাগাদ বালাসোরের কাছে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মারে করমণ্ডল এক্সপ্রেস। তিনটি কামরা লাইনচ্যুত হয়। অন্যদিকে হাওড়াগামী যশবন্তপুর হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস সেই তিনটি কামরার ওপরে গিয়ে পড়ে। ওই ট্রেনের ১৫ টি কামরা লাইনচ্যুত হয়।
এই দুর্ঘটনার প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সিগন্যালে ত্রুটির কারণেই এই দুর্ঘটনা। তবে পুরো ঘটনার তদন্ত চলছে। প্রধানমন্ত্রী এদিন ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়েছেন, দোষীদের কাউকেই ছাড়া হবে না।












Click it and Unblock the Notifications