Odisha Train Accident: মমতার দাবি খণ্ডন! দুর্ঘটনার মূল কারণ জানালেন অশ্বিনী বৈষ্ণব
শুক্রবার সন্ধে পৌনে সাতটা নাগাদ যে দুর্ঘটনা বাহানাগা বাজারে হয়, তারপর প্রায় ৩৮ ঘন্টা পরে রবিবার সকালে রেলমন্ত্রী জানালেন দুর্ঘটনার আসল কারণ চিহ্নিত করা গিয়েছে। শনিবার মতো এদিন সকাল থেকে রেলমন্ত্রী রেল ট্র্যাক পুনরুদ্ধারের কাজের তদারকি করেন।
রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শনিবারের দাবি খণ্ডন করেন। প্রসঙ্গত শনিবার ঘটনাস্থল পরিদর্শনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কবচ না থাকার কারণেই এতবড় বিপর্যয়। এদিন সকালে রেলমন্ত্রী জানিয়েছেন, ইলেকট্রনিক ইন্টারলকিং-এ পরিবর্তনের কারণেই এই দুর্ঘটনা। রেলওয়ে নিরাপত্তা কমিশনার শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

এদিন দুর্ঘটনাস্থলে দাঁড়িয়ে রেলমন্ত্রী বলেন, তদন্ত শেষ। কমিশনার অফ রেলওয়ে সেফটি শীঘ্রই তদন্ত রিপোর্ট জমা দেবে। তখনই সব ঘটনা প্রকাশ করা হবে। তিনি জানান, এই ভয়ঙ্কর দুর্ঘটনার মূব কারণ চিহ্নিত করা হয়েছে।
শুক্রবার সন্ধেয় বাহানাগা বাজার স্টেশনে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে গিয়ে ধাক্কা মেরে লাইনচ্যুত হয় করমণ্ডল এক্সপ্রেসের তিনটি কামরা। যেগুলি ডাউন লাইনের ওপরে গিয়ে পড়ে। সেই সময়ই হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস সেই কামরাগুলিকে ধাক্কা খায় এবং এই গাড়ির ১৫ টি কামরা লাইনচ্যুত হয়।

রেলের প্রাথমিক তদন্তে দেখা গিয়েছিল সিগন্যালে ভুল সংকেতের কারণে করমণ্ডল এক্সপ্রেস লুপ লাইনে ঢুকে গিয়েছিল। রেলের তরফে শনিবার জানানো হয়েছে, পর্যবেক্ষণের পরে শুক্রবার সন্ধেয় ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেসকে মূল লাইনে যেতে সিগন্যাল দেওয়া হয়েছিল। কিন্তু সেটি লুপ লাইনে চলে যায় এবং মালগাড়িরতে ধাক্কা মারে।
প্রযুক্তিগত তদন্তের পরেই কমিশনার অফ রেলওয়ে সেফটি দুর্ঘটনার সঠিক কারণ নির্ধারণ করতে সক্ষণ হবে। রেলমন্ত্রকের তরফে ইতিমধ্যেই উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সকালে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বুধবার সকালের মধ্যে ট্রেন চলাচল চালু করতে পুরোদমে কাজ চলছে।












Click it and Unblock the Notifications