বালেশ্বর ট্রেন দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ রেল বোর্ডের, ঘোষণা রেলমন্ত্রীর
ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস-সহ তিনটি ট্রেন ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে শুক্রবার। তার জেরে এখনো পর্যন্ত ২৭৫ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১১০০-রও বেশি। এই বিপুল ক্ষতির পিছনে কারণ কী, কার গাফিলতিতে এত বড়ো দুর্ঘটনা, তা জানতে চায় রেলবোর্ড।
সেই কারণেই উচ্চ পর্যায়ের তদন্ত দরকার বলে মনে করছে রেল। রেলবোর্ড শতাব্দীর ভয়ঙ্করতম দুর্ঘটনার কারণ জানতে সিবিআই তদন্তের সুপারিশ করেছে। রবিবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই ঘটনায় সিবিআই তদন্ত দরকার। রেলবোর্ড সেই সুপারিশ করেছে কেন্দ্রের কাছে।

আবার রেল বোর্ডের এই সুপারিশকে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা। তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, এই ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করে বিজেপি ব্যর্থতা ঢাকতে চাইছে। তৃণমূল সাংসদ শান্তনু সেন প্রশ্ন তোলেন, বিজেপির ব্যর্থতা ঢাকতে এই সিবিআই তদন্তের সুপারিশ নয় তো!
শুক্রবার ওড়িশার বালেশ্বরে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস মালগাড়িতে ধাক্কা মেরে লাইনচ্যুত হয়ে যায়। তারপর সেখানে ডাউন যশবন্তপুর এক্সপ্রেসও জড়িয়ে পড়ে দুর্ঘটনায়। এই ঘটনায় কয়েক মিনিট আগে শালিমার-চেন্নাই আপ করমণ্ডল এক্সপ্রেসের মেন লাইন ছেড়ে লুপ লাইনে ঢুকে পড়াই কাল হয়ে গেল।
লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়ির পিছনে ধাক্কা মারার পরই একে একে সব কামরা লাইনচ্যুত হয়ে গেল। এমনকী ডাউন লাইনে থাকা যশবন্তপুর এক্সপ্রেসও রক্ষা পেল না দুর্ঘটনা থেকে। কিন্তু কেন মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকে পড়ল করমণ্ডল এক্সপ্রেস। চালকের ভুলেই কি ঘটে গেল এমন ঘটনা? তা জানতে চায় রেল!
চালকের ভুল নাকি যান্ত্রিক ত্রুটিই এই দুর্ঘটনার জন্য দায়ী? সিগন্যাল সিস্টেমে কোনো গলদ এই দুর্ঘটনার নেপথ্যে নেই তো? সিগন্যাল বিভ্রাট নাকি পয়েন্টিংয়ে গলদ, তা নিয়ে ধন্দ তৈরি হয়েছে। ঠিক কার ভুলে ঘটে গেল এতবড়ো ভয়াবহ দুর্ঘটনা, তা জানতে শুরু হয়েছে তদন্ত। কিন্তু সেই তদন্তই যথর্থ নয়।
উচ্চ পর্যায়ের তদন্ত চায় রেল। তাই সিবিআইকে দিয়ে তদন্তের সুপারিশ করা হয়েছে রেল বোর্ডের তরফে, তা এদিন দ্য্আর্থহীন ভাষায় জানিয়ে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সিগন্যালিং কন্ট্রোল রুমের ভিডিও-তে যা জানা গিয়েছে বা প্রাথমিক রিপোর্টে যা মনে করছে রেল, তা-ই চূড়ান্ত বলে মনে নিতে রাজি নয় রেল।
রেল এখনই নিশ্চিত করে বলতে রাজি নয় যে কী কারণে ঘটেছে দুর্ঘটনা। পূর্ণাঙ্গ পরীক্ষা-নিরীক্ষার পরই দুর্ঘটনার কারণ চিহ্নিত করা যাবে বলে জানিয়েছেন রেলওয়ে আধিকারিকরা। রেলওয়ের খড়গপুর ডিভিশনের সিগন্যালিং কন্ট্রোল রুমের একটি ভিডিও অনুসারে শুধুমাত্র প্রাথমিক সিদ্ধান্তে উপনীত হয়েছেন আধিকারিকরা।












Click it and Unblock the Notifications