Odisha Train Accident: দুর্ঘটনার ৪৮ ঘন্টা পরেও ধ্বংসস্তূপের নিচে প্রাণের খোঁজ! চলছে চিকিৎসা
বাহানাগা বাজারের ভয়াবহ দুর্ঘটনার স্থলে দুর্ঘটনার ৪৮ ঘন্টা পরেও প্রাণে সন্ধান পাওয়া গিয়েছে। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী রবিবার বিকেল পাঁচটা নাগাদ ত্রাণ ও উদ্ধার কর্মীরা জীবিতের সন্ধান পান। এরপর রবিবার সন্ধেয় এনডিআরএফ ডিরেক্টর জানিয়েদেন, জীবিত কিংবা মৃত আর কাউকে উদ্ধারের সম্ভাবনা কম।
জানা গিয়েছে, সেই সময় প্রায় হাজার কর্মী উদ্ধার কাজ শেষ হওয়ার পরে ট্র্যাক পুনরুদ্ধারের কাজে মন দিয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে ক্লান্ত হয়ে এদিক ওদিয়ে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন। সেই সময় স্থানীয় সোরো থানার পুলিশ কর্মীদের একটি দল রেললাইনের পাশের ঝোঁপ থেকে আওয়াজ শুনতে পান।

তবে সেই আওয়াজ ছিল ক্ষীণ। কেননা আঘাতের পাশাপাশি ডিহাইড্রেশনের কারণে দুর্বল ছিলেন সেই যুবক। দুর্ঘটনার পরে দুদিন ধরে তল্লাশি চালানোর পরেও ত্রাণ কর্মীরা সেই যুবকের কোনও সন্ধান পাননি। সেই যুবককে উদ্ধারের পরে সোরোর কমিউনিটি সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে নিয়ে যাওয়া হয় বালাসোর জেলা সদর হাসপাতালে।
যে পুলিশ কর্মী ওই যুবকের সন্ধান পেয়েছিলেন, তিনি তাঁর পরিচয় দিতে চাননি। বালাসোর জেলা সদর হাসপাতালে ওই যুবক নিজেকে দুলাল মজুমদার বলে পরিচয় দিয়েছেন। নিজেকে অসমের বাসিন্দা বলে দাবি করেছেন তিনি। কলমণ্ডল এক্সপ্রেসে তাঁর সঙ্গে আরও পাঁচজন ছিলেন। তবে তাঁর সঙ্গীরা জীবিত না মৃত তা অবশ্য জানা যায়নি।

দুলাল মজমদার জানিয়েছেন, তিনি করমণ্ডল এক্সপ্রেসের সাধারণ কামরায় ছিলেন। তাঁর চিকিৎসকরা বলছেন, উদ্ধারের সময় সম্ভবত তাঁকে ঝোঁপে মধ্যে ফেলে দেওয়া হয়েছিল। পরে তাঁকে আর কেউ সরিয়ে নিয়ে যায়নি। তবে এই অবস্থাতেও যে তিনি দুদিন বেঁচে, তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসকরা।
সোমবার সকালে দুলাল মজুমদারকে ভুবনেশ্বর এইমসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর মাথার আঘাতের চিকিৎসা করা হচ্ছে। তিনি এখনও ট্রমায় রয়েছেন এবং অসংলগ্ন কথা বলছেন বলে জানানো হয়েছে এইমস থেকে। চিকিৎসার পাশাপাশি তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলেও জানানো হয়েছে হাসপাতালের তরফে।
এদিকে রবিবার ঘটনার থেকে শিক্ষা নিয়ে সোমবার বিকেলে স্থানীয় পুলিশ এবং রেলের একটি উদ্ধারকারী দল জীবিত কিংবা মৃতদের সন্ধান করতে ফের একবার তল্লাশি করে বলে জানা গিয়েছে। যদিও সেই তল্লাশিতে জীবিত কিংবা মৃত কারও সন্ধান পাওয়া যায়নি।












Click it and Unblock the Notifications