Meghalaya: ফলাফল প্রকাশের আগেই মধ্যরাতে দুই মুখ্যমন্ত্রীর বৈঠক! জোট নিয়েই দীর্ঘ আলোচনা
রাত পোহালেই মেঘালয়, নাগাল্যান্ড এবং ত্রিপুরার ফল প্রকাশ হবে। লোকসভা ভোটের আগে উত্তর পূর্বের এই তিন রাজ্য দখলে রাখা খুব গুরুত্বপূর্ণ বিজেপির কাছে। এই অবস্থায় এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ
Meghalaya Election Result 2023: আগামীকাল বৃহস্পতিবার তিন রাজ্যে অর্থাৎ ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডের চূড়ান্ত ফলাফল সামনে আসবে। যদিও বুথ ফেরত সমীক্ষায় ত্রিপুরা এবং নাগাল্যান্ডে সহজ জয় বিজেপির। কিন্তু মেঘালয় ঘিরে একটা চাপ রয়েছে বিজেপির কাছে। সমীক্ষা বলছে সে রাজ্যে ত্রিশঙ্কু হওয়ার সম্ভাবনা প্রবল।
এই অবস্থায় সব দলই নিজের ঘর গোছাতে ময়দানে নেমেছে। এমনকি ভাঙন রুখতেই রণকৌশল ঠিক করতে ময়দানে সমস্ত দল। এমনটাই জানা যাচ্ছে।

এনপিপি'র বড় একটা ভূমিকা রয়েছে
মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দল এনপিপি ফের একবার ক্ষমতায় ফিরতে মরিয়া। বুথ ফেরত সমীক্ষা বলছে, এই বার কোনও দলই সংখ্যাগরিষ্ঠ জায়গাতে পৌছতে পারছে না। তবে এনপিপি সবথেকে বেশি আসন পাবে বলে ইতিমধ্যে বুথ ফেরত সমীক্ষাতে উঠে এসেছে। এই অবস্থায় সে রাজ্যে এনপিপি'র বড় একটা ভূমিকা রয়েছে। যদিও সে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি বিচার করে ফের একবার বিজেপির সঙ্গেই জোটের রাস্তায় তারা যেতে পারে বলে ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী সাংমা।

বিশ্বশর্মার সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন কনরাড সাংমা
আর এরপরেই অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার সঙ্গে দীর্ঘ বৈঠক সারলেন কনরাড সাংমা। জানা যাচ্ছে, বুধবার গভীর রাতে গুয়াহাটিতে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হয়েছে বলে জানা যাচ্ছে। সে রাজ্যের একটি হোটেলে এই বৈঠক হয়। যদিও বৈঠকের পরে এই বিষয়ে কেউ কোনও মন্তব্য করতে চাননি। তবে মেঘালয়ের রাজনৈতিক অবস্থা নিয়েই যে দুই প্রশাসনিক প্রধানের বৈঠক হয়েছে তা কার্যত স্পষ্ট। শুধু তাই নয়, ফলাফল প্রকাশের পর যে বিজেপির সঙ্গে এনপিপি জোট হচ্ছে তা কার্যত স্পষ্ট বলেই মত রাজনৈতিকমহলের।

বিজেপি-এনপিপি জোট ছিল
বিজেপি এবং এনপিপি গত পাঁচ বছর ধরে এনপিপি-নেতৃত্বাধীন মেঘালয় ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এমডিএ) তৈরি করে সরকার চালায়। কিন্তু ভোটের কয়েকমাস আগে দুই দলে ভাঙন দেখা যায়। এনপিপি এবং বিজেপি আলাদা ভাবে ভোটের ময়দানে নামে। যদিও হিমন্ত বিশ্বশর্মা স্পষ্ট জানিয়েছিলেন মেঘালয়ে ত্রিশঙ্কুর অবস্থা তৈরি হবে না। ত্রিপুরা, নাগাল্যান্ড এবং মেঘালয়ে বিজেপি সরকার গঠন করবে বলে দাবি করেছিলেন

কি বলছে এক্সিট পোল
জি নিউজ-ম্যাট্রিক্স এক্সিট পোলের ইঙ্গিত, মেঘালয়ে NPP 21-26 আসন, বিজেপি 6-11, TMC 8-13, কংগ্রেস 3-6 আসন পাবে। ইন্ডিয়া টুডের সমীক্ষা বলছে, এনপিপি ১৮ থেকে ২৪ টি আসন পাবে। বিজেপি ৪ থেকে ৮ টি আসন পাবে। ইউডিপি ৮ থেকে ১২, কংগ্রেসের ৬ থেকে ১২ এবং তৃণমূল ৫ থেকে ৯ টি আসন পেতে পারে বলে ইন্ডিয়া টুডের সমীক্ষাতে উঠে এসেছে।












Click it and Unblock the Notifications