নয়াদিল্লি, ১৪ মার্চ : দ্বিতীয় প্রার্থী তালিকাও প্রকাশ করল কংগ্রেস। আর সেই তালিকায় প্রার্থীর নামে চমকই চমক। বিরোধীদের সমালোচনা সত্ত্বেও চন্ডীগড় কেন্দ্র থেকে প্রার্থী করা হল প্রাক্তন রেলমন্ত্রী পবন বনশলকে। উল্লেখ্য ঘুষকাণ্ডে ভাগ্নে বিজয় সিঙ্ঘলা গ্রেফতার হওয়ার পরই মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করতে হয় বনসলকে৷ তাই তাঁকে ফের চণ্ডীগড় থেকে কংগ্রেস প্রার্থী করবে কি না, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল৷ কিন্তু দ্বিতীয় প্রার্থী তালিকায় বনশলের নাম বহাল রাখারই সিদ্ধান্ত নিল কংগ্রেস৷
নতুন চমক : রাজ বব্বর গাজিয়াবাদ ও নাগমা মিরাট লোকসভা কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন
এদিনের তালিকায় আরও একটি বিতর্কিত নাম উঠে এসেছে তা হল সুবোধকান্ত সহায়। কয়লা বন্টন কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে দফতরের প্রতিমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। সেই সুবোধকান্ত সহায় এবার রাঁচি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্প্রতি স্ত্রীয়ের রহস্যজনক মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছিল কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুরের দিকে। পরে অবশ্য শশীকে ক্লিনচিট দেওয়া হয়। শশীও এবারে তিরুবন্তপুরম আসন থেকে দাঁড়াবেন।