পশ্চিমবঙ্গে তৃণমূলে যোগদানকারীদের মতো ভাষা কর্নাটকের এক বিজেপি বিধায়কের! রাজ্যসভায় তিন আসনে জয় কংগ্রেসের
কংগ্রেস কর্নাটক থেকে রাজ্যসভার তিনটি আসনে জয় পেল। অন্যদিকে বিজেপি রাজ্যের ক্ষমতাসীন দলের পক্ষে একজন বিধায়কের ক্রস ভোটিংয়ের পরে মাত্র একটি আসন পেয়েছে। কংগ্রেসের তরফে জয়ী হয়েছেন অজয় মাকেন, নাসের হুসেন এবং জিসি চন্দ্রশেখর। তাঁরা যথাক্রমে ৪৭, ৪৬ ও ৪৬ টি করে ভোট পেয়ে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। অন্যদিকে বিজেপির তরফে নারায়ণ বান্দিগেও রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন ৪৭ ভোট পেয়ে। পরাজিত জেডিএস প্রার্থী পেয়েছেন ৩৬ টি ভোট।
দক্ষিণের রাজ্য কর্নাটকে বিজেপি বড় ধাক্কা খেয়েছে। তাদের বিধায়ক এসটি সোমশেখর কংগ্রেস প্রার্থী অজয় মাকেনের পক্ষে ভোট দিয়েছেন। অপর বিধায়ক আরবাইল শিবরাম হেব্বার ভোটদানে বিরত ছিলেন। এদিন কর্নাটকের ২২৩ জন বিধায়কের মধ্যে ২২২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। জেডিএসের ডি কুপেন্দ্র রেড্ডি-সহ পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রাজ্যসভা নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে কর্নাটকের উপ-মুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেছেন, এদিনের ফলাফল কংগ্রেসের ঐক্য ও অখণ্ডতা প্রতিফলিত করেছে। যে কারণে তিনি সব বিধায়ক, দলীয় কর্মী ও সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছেন। কংগ্রেসের সব প্রার্থী জেতায় খুশি শিবকুমার সব বিধায়ক, মুখ্যমন্ত্রী, দলের কর্মী ও এআইসিসির সভাপতিকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি সনিয়া গান্ধীকেও ধন্যবাদ জানিয়েছেন।
উল্লেখ্য যে কর্নাটকের বিজেপি বিধায়ক সোমশেখর এবং হেব্বার দলীয় নেতৃত্বের ওপরে বিরক্ত ছিলেন। সাম্প্রতিক সময়ে তাঁদেরকে কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গিয়েছে। সোমশেখর যশবন্তপুর এবং হেব্বার ইয়েল্লাপুর থেকে বিধানসভার সদস্য।
ভোট দেওয়ার পরেই সোমশেখর বলেছিলেন, তিনি বিবেক অনুযায়ী ভোট দিয়েছেন। নিজের নির্বাচনী এলাকায় স্কুল তৈরি এবং উন্নয়নমূলক কাজের জন্য কংগ্রেসকে ভোট দিয়েছেন বলে জানিয়েছেন। ঠিক এই ধরণের ভাষাই দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে তৃণমূলে যোগদানকারী জনপ্রতিনিধিদের মুখে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে আকৃষ্ট হয়ে তাঁদের তৃণমূলে যোগদান বলে ঘোষণা করতে দেখা গিয়েছিল।
কর্নাটকে নির্দল বিধায়ক জনার্দন রেড্ডি, লতা মল্লিকার্জুন, পুট্টুস্বামী গৌড়া, দর্শন পুত্তানাইয়া কংগ্রেস প্রার্থীদের পক্ষে ভোট দিয়েছেন। রাজ্যসভা ভোটের আগে থেকে ক্রস ভোটিংয়ের আশঙ্কা তৈরি হওয়ায় কংগ্রেস তাদের সব বিধায়ককে ব্যক্তিগত রিসর্টে স্থানান্তরিত করে।
কর্নাটক বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১৩৪, যেখানে ক্রস ভোটিংয়ের পরে কংগ্রেস প্রার্থীরা পেয়েছেন ১৩৯ টি ভোট। অন্যদিকে বিজেপির বিধায়ক সংখ্যা ৬৬। বিধানসভায় জেডিএসের বিধায়ক সংখ্যা ১৯। এছাড়া চারজন নির্দল বিধায়কও রয়েছেন। নির্দলরা কংগ্রেসের পক্ষে ভোট দিয়েছেন।












Click it and Unblock the Notifications