১২ জুনের জোট বৈঠক স্থগিত! কংগ্রেসের আবেদনে প্রশ্নে ২০২৪-এর বিরোধী ঐক্যে
২০২৪-এর বিরোধী ঐক্যে শান দিতে বিহারের পাটনায় জোট বৈঠকের ডাক দিয়েছিলেন নীতীশ কুমার। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে সাড়া দিয়ে সেই বৈঠকে কংগ্রেস ছাড়াও তৃণমূল-সহ সমস্ত বিরোধী দলের যোগদানের কথা ছিল। কিন্তু সেই বৈঠক হঠাৎ করেই স্থগিত রাখার আবেদন জানাল কংগ্রেস।
২০২৪-এর আগে এটাই ছিল বিরোধী জোটের প্রথম সম্মিলিত বৈঠক। কিন্তু সেই বৈঠককে ঘিরে তৈরি হল অনিশ্চয়তা। কংগ্রেস ও ডিএমকে ১২ জুনের বৈঠকটি পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে। গতকাল থেকেই জল্পনা চলছিল বিরোধী জোটের বৈঠকে রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গের হাজির থাকতে পারবেন না।

এদিন কংগ্রেসের তরফে অনুরোধ করা হয় বিরোধী জোটের বৈঠক পিছিয়ে দেওয়ার ব্যাপারে। শুধু কংগ্রেস নয় ডিএমকেও একই সুর তুলেছে। তারাও পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছে এই বৈঠক। ১২ জুন পাটনায় এই জোট বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু তার সপ্তাহখানের আগেই ওই দিনের বৈঠক নিয়ে তৈরি হল অনিশ্চয়তা।
এখন দেখার কংগ্রেসের আর্জি মেনে পাটনায় নীতীশ কুমারের ডাকা জোট বৈঠক পিছিয়ে যায় কি না। ১২ জুন বিরোধীদের নির্ধারিত বৈঠক কংগ্রেস ও ডিএমকের অনুরোধের পরে স্থগিত রাখার সম্ভাবনাই বেশি। এখন দেখার কংগ্রেস, তৃণমূল, আরজেডি, জেডিইউ, ডিএমকে, এনসিপি, শিবসেনা-সহ আরও অন্যান্য বিরোধী দলের সমাবেশ কবে হয়।

সূত্রের খবর, ১২ জুন পাটনার নির্ধারিত বিরোধীদের জোট বৈঠকটি আগামী ২৩ জুন অনুষ্ঠিত হবে। কংগ্রেস ও তাদের তামিলনাড়ুর মিত্রশক্তির অনুরোধে এই তারিখ পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীর অনুপস্থিতির পরিপ্রেক্ষিতে এই দিন পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
রাহুল গান্ধী বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে রয়েছে। তিনি ১৫ জুন ফিরবেন বলে জানানো হয়েছে। তাই নীতীশ কুমার বিরোধী ঐক্যের এই সমাবেশ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তা অন্যান্য জোট সঙ্গীদেরও জানিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

এর আগে নবান্নে এসে জেডিইউ সুপ্রিমো নীতীশ কুমার ও আরজেডি প্রধান তেজস্বী যাদব বৈঠক করে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাদের মধ্যে জোট আলোচনা হয়েছিল। নীতীশ কুমারকে জোট বৈঠকের আয়োজন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পরামর্শ দিয়েছিলেন।
তিনি বলেছিলেন দিল্লিতে বৈঠক না করে, পাটনায় বৈঠকের আয়োজন করতে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই পরামর্শ মেনেই নীতীশ কুমার পাটনা বৈঠকের আয়োজন করেছেন। সেখনে কংগ্রেস ও তৃণমূলকে এক মঞ্চে শামিল করার বিষয়টিও গুরুত্বপূর্ণ ছিল। এখন কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব না থাকায় তা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হল।












Click it and Unblock the Notifications