Jammu and Kashmir: জম্মু ও কাশ্মীরে এনসি-কংগ্রেস জোটে চিড়! ওমর আবদুল্লার শপথের আগে মন্ত্রক বণ্টনে টানাপোড়েন
Jammu and Kashmir NC Congress rift: জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট (NC Congress Alliance)। জোটের মুখ্যমন্ত্রী হিসেবে বুধবার শপথ ওমর আবদুল্লার। তার আগে বেঁকে বসল কংগ্রেস। ওমর আবদুল্লার মন্ত্রিসভায় কংগ্রেসের কেউ থাকছেন না বলেই সূত্রের খবর। ওমরের শপথের আগে এনসি কংগ্রেস সম্পর্কে ফাটল।
২০১৯ সালে জম্মু ও কাশ্মীরে ৩৭০ ধারা রদের পর সেখানের প্রথম মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ওমর আবদুল্লা (Omar Abdullah)। শ্রীনগরে শের ই কাশ্মীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে সকাল সাড়ে এগারোটায় উপরাজ্যপাল মনোজ সিনহার (Manoj Sinha) তত্ত্বাবধানে হবে শপথ গ্রহণ। কিন্তু তার আগেই মন্ত্রকের দাবি নিয়ে নাছোড় কংগ্রেস।

৯০ আসনের বিধানসভায় ৪২টি আসন জিতেছে ওমর আবদুল্লার ন্যাশনাল কনফারেন্স। কংগ্রেস জিতেছে মাত্র ৬টি আসন। জোট গড়ে উপত্যকায় সরকার গড়ছে দুই দল। কিন্তু সূত্রের খবর, ৩টি মন্ত্রকের দাবিদার কংগ্রেস (Congress wants three berths)। কিন্তু ন্যাশনাল কনফারেন্স মাত্র একটি মন্ত্রক ও ডেপুটি স্পিকারের পদ কংগ্রেসকে ছাড়তে রাজি।
এমতাবস্থায় তিন মন্ত্রকের দাবি নিয়ে নাছোড়বান্দা কংগ্রেস। তা না বলে জম্মু ও কাশ্মীরের সরকারকে বাইরে থেকে সমর্থন করবে বলে জানিয়েছে হাত শিবির। মন্ত্রিসভার অংশ না হয়ে বাইরে থেকে তাদের লক্ষ্য় হবে জম্মু ও কাশ্মীরে রাজ্যের মর্যাদা (Jammu and Kashmir Statehood) ফিরিয়ে আনা। যদিও এব্যাপারে কংগ্রেসের হাইকমান্ডের মতামতের পরই যাবতীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে দল।
বুধবার শপথগ্রহণের আগে ওমর আবদুল্লা বলেন, "কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী হয়ে আলাদা আনন্দ অনুভব করছি। তবে এই কেন্দ্রশাসিত অঞ্চলের তকমা শীঘ্রই ঘুচবে বলে আশা করছি। এখানের মানুষের সমস্যার সমাধানে কেন্দ্রের সঙ্গে সব সহযোগিতা করা হবে। পাশাপাশি সবার আগে জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়াই হবে লক্ষ্য়।"
ওমরের শপথ ঘিরে শ্রীনগরে আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা। শপথে আমন্ত্রণ জানানো হয়েছে ইন্ডি জোটের নেতাদের। কংগ্রেসের রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে শপথগ্রহণ অনুষ্ঠানে সামিল থাকবেন বলে জানা গিয়েছে। এছাড়াও সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ যাদব, সিপিএমের অন্তর্বর্তী প্রধান প্রকাশ কারাট, এনসিপির কার্যকারী সভাপতি সুপ্রিয়া সুলে, ডিএমকের সাধারণ সম্পাদক কানিমোঝি ও সিপিএমের সাধারণ সম্পাদক ডি রাজা ইতিমধ্যেই শ্রীনগরে পৌঁছন বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications