চতুর্থ কেন্দ্রীয় বাজেট নিয়ে অখুশি কংগ্রেস, টুইটে কেন্দ্রকে একহাত নিলেন রাহুল গান্ধী
চতুর্থ কেন্দ্রীয় বাজেট নিয়ে অখুশি কংগ্রেস
১ ফেব্রুয়ারি, মঙ্গলবার ২০২২–২৩ সালের কেন্দ্রীয় বাজেট পেশ করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। শিক্ষা, মহিলা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে একাধিক প্রকল্পের ঘোষণাও করেন। তবে এই বাজেট নিয়ে সন্তুষ্ট নয় কংগ্রেস। বাজেট নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে টুইট করেছেন কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধী।

মঙ্গলবার কংগ্রেসের পক্ষ থেকে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কাঠগড়ায় তুলে জানায় যে কেন্দ্রীয় বাজেটে দেশের বেতনভোগী ও মধ্যবিত্তদের জন্য কোনও ত্রান ঘোষণা না করে তাদের প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। এদিন বাজেটের পর রাহুল গান্ধী তাঁর টুইটে কেন্দ্র সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'মোদী সরকারের বাজেট শূন্য। বেতনভোগী, মধ্যবিত্ত, গরীব ও অবহেলিত, যুব সমাজ, কৃষক ও এমএসএমই–দের জন্য কিছুই নেই বাজেটে।’ প্রসঙ্গত, সাধারণ বাজেট নিয়ে মধ্যবিত্তদের অনেক প্রত্যাশা থাকলেও মঙ্গলবার বাজেট পেশের দিন তাঁদের জন্য কোনও কিছুই ঘোষণা করেনি মোদী সরকার।
কংগ্রেসের সাধারণ সম্পাদক ও প্রধান মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা জানিয়েছেন যে বেতন হ্রাস এবং উচ্চ মূল্যস্ফীতির কারণে বেতনভোগী এবং মধ্যবিত্তরা ক্ষতিগ্রস্ত হয়েছে। টুইট করে সুরজেওয়ালা বলেছেন, 'ভারতের বেতনভোগী ও মধ্যবিত্ত শ্রেণীরা এই মহামারির সময় আশা করেছিলেন কিছুটা স্বস্তি পাবেন, কারণ তাঁদের বেতন হ্রাস ও উচ্চ মুল্যস্ফীতির মুখে পড়তে হয়েছিল এই সময়। অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী আবারও তাঁদের প্রত্যক্ষ কর ব্যবস্থার মাধ্যমে হতাশ করেছেন।’ তিনি টুইটে এও জানান যে ভারতের বেতনভোগী ও মধ্যবিত্তদের কেন্দ্র সরকার এই বাজেটে বিশ্বাসঘাতকতা করেছেন। সংসদে ২০২২–২৩ সালের বাজেট পেশের পরই কংগ্রেসের তরফ থেকে এই প্রতিক্রিয়া আসে।
মঙ্গলবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন প্রত্যক্ষ কর ব্যবস্থার সংস্কারে জোর দিয়েছেন। কর প্রদান প্রক্রিয়া সরল ও স্বচ্ছ করা হবে বলে জানিয়েছেন তিনি। অর্থমন্ত্রী এদিন আয়কর রির্টানের সময়সীমা বাড়িয়ে ২ বছর করে দিয়েছে। কো-অপরেটিভ সোসাইটির নূন্যতম কর ৭ শতাংশ করা হয়েছে। তবে কমানো হল কো-অপরেটিভ সোস্যাইটির সারচার্জ। অন্যদিকে, ২০২২–২৩–এ ৫ জি পরিষেবা শুরু করা হবে এবং গ্রামগুলিতে পরিষেবা পৌঁছে দিতে পরিকাঠামো গড়ে তোলা হবে। টেলিকম সেক্টরে নতুন কর্মসংস্থানের সুযোগ খোঁজা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী এবং বেসরকারী শিল্পক্ষেত্রগুলিকেও আহ্বান জানানো হবে।












Click it and Unblock the Notifications