শূন্য থেকে শিক্ষা! বিধানসভা নির্বাচনে জোট নয় বামেদের সঙ্গে, একাই লড়বে কংগ্রেস
আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস একাই লড়বে। ২৯৪টি আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতার কথা আজ দলের তরফে জানিয়েও দেওয়া হলো।
দলের শীর্ষ নেতৃত্ব এবং পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি (WBPCC)-র নেতাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের ১০, রাজাজি মার্গ-এর বাসভবনে এই বৈঠক হয়। এতে খাড়গে, প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী, সাধারণ সম্পাদক (সংগঠন) কে সি ভেনুগোপাল, রাজ্য ইন-চার্জ গুলাম আহমেদ মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অধীর রঞ্জন চৌধুরী এবং সাংসদ ইশা খান চৌধুরী-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কয়েকজন নেতা ভার্চুয়াল মাধ্যমেও যোগ দেন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মীর জানান, এপ্রিল-মে মাসে হতে চলা পশ্চিমবঙ্গ নির্বাচন নিয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ কৌশলগত আলোচনা হয়েছে। তিনি বলেন, "সকলের সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত হয়েছে যে, কংগ্রেস পশ্চিমবঙ্গের ২৯৪টি আসনেই এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। আমরা সেই অনুযায়ী প্রস্তুতি চালাব।"
মীর বলেন, অতীতে রাজ্যে জোট গঠনের ফলে তৃণমূল স্তরে কংগ্রেস কর্মীদের মনোবল ভেঙে গিয়েছিল। ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কংগ্রেস বামফ্রন্টের সঙ্গে জোট বেঁধে একটিও আসন জিততে পারেনি।












Click it and Unblock the Notifications