আগে করেন, তারপর ভাবেন! ২০০০ টাকার নোট বাতিল নিয়ে মোদীকে ‘বিশ্বগুরু’ বলল কংগ্রেস
কথায় আছে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। কিন্তু আমাদের প্রধানমন্ত্রী আগে করেন, তারপর ভাবেন। শুক্রবার ২০০০ টাকার নোট বাতিল নিয়ে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করল কংগ্রেস। এমনকী প্রধানমন্ত্রীকে নোট বাতিল নিয়ে 'বিশ্বগুরু' তকমা দিতেও পিছপা হল না তারা।
২০০০ টাকার প্রচলন থেকে প্রত্যাহার নিয়ে আরবিআইয়ের ঘোষণায় কংগ্রেস শুক্রবার প্রধানমন্ত্রীকে একহাত নিয়েছে। কংগ্রেস সাসংদ জয়রাম রমেশ বলেন, এই পদক্ষেপটি আমাদের স্ব-শৈলী বিশ্বগুরুর। তিনি প্রথমে কাজ করেন, তারপর চিন্তা করেন। এটাই তাঁর কাজ করার পদ্ধতি। আর তার ফল হল এমন...।

এদিন ২০০০ টাকা বাতিলকে দ্বিতীয় নোটবন্দি বলে কটাক্ষ করেন তিনি। জয়রাম রমেশ বলেন, এই বিপর্যয়ের সূচনা হয়েছিল ২০১৬ সালের ৮ নভেম্বর। সেদিন নরেন্দ্র মোদী সরকার সমস্ত ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল বলে ঘোষণা করেছিল রাতারাতি।
জয়রাম রমেশ বলেন, মানুষকে বিপদে ফেলে দেওয়ার সেই হঠকারী সিদ্ধান্তের পরে আরও একটি তুঘলকি সিদ্ধান্ত নিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী। ধুমধাম করে চালু করেছিলেন ২০০০ টাকার নোট। সেই নোটই এদিন প্রত্যাহার করা হল। কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ এই মর্মে প্রধানমন্ত্রীকে টার্গেট করে টুইট করেছেন।

কংগ্রেস সাংসদ মানিকম ঠাকুরও টুইট করেছেন। তিনি টুইটে লিখেছেন, এটি হল দ্বিতীয় ডেমো বিপর্যয়। আর লিখেছেন, এম = পাগলামি। কংগ্রেস নেতা পবন খেরাও কেন্দ্রের নিন্দা করেছেন। তিনি বলেছেন, ২০১৬-র ৮ নভেম্বরের ভূত আবার জাতিকে তাড়া করতে ফিরে এসেছে।
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়ছে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে চালু থাকবে ২০০০ টাকার নোট। এর মধ্যে ব্যাঙ্কে নোট বিনিময় করে ফেলতে হবে। ২০০০ টাকার নোট বিনিময় শুরু হবে ২৩ মে থেকে। এই বিনিময় চালু হওয়ার পর গ্রাহকরা তাদের হাতে থাকা ২০০০ টাকার নোট জমা দিয়ে ৫০০ বা ২০০, কিংবা ১০০ বা অন্য কোনো নোট নিতে পারবে।

২০০০ টাকার নোটের পরিমাণের উপর ব্যাঙ্ক একটি সীমা রেখেছে। আরবিআই রিলিজ অনুসারে, গ্রাহকরা একবারে ২০ হাজার টাকা পর্যন্ত সীমা বিনিময় করতে পারে। তারা একটি ব্যাঙ্ক শাখার সঙ্গেও যোগাযোগ করতে পারে, যারা ব্যাঙ্কবিহীন এবং আন্ডারব্যাঙ্কিং এলাকায় আর্থিক ও ব্যাঙ্কিং পরিষেবা প্রদান করে। এই ক্ষেত্রে সীমা প্রতিদিন চার হাজার টাকা।
সম্প্রতি ২০০০ টাকার নোট বাতিল হওয়ার পর একজন ব্যক্তির ব্যাঙ্কের গ্রাহক হওয়াও জরুরি নয়। একজন নন-অ্যাকাউন্ট হোল্ডার যেকোন ব্যাঙ্কের শাখায় একবারে ২০ হাজার টাকা পর্যন্ত ২ হাজার টাকার নোট বিনিময় করতে পারেন।












Click it and Unblock the Notifications