লখিমপুর খেরিতে কৃষকদের ওপর দিয়ে চলছে জিপ! কংগ্রেসের প্রকাশিত ভিডিও ভাইরাল
লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) রবিবার ঠিক কী ঘটনা ঘটেছিল, তা নিয়ে আন্দোলনরত কৃষক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র ভিন্ন দাবি করছেন। তবে কংগ্রেসের (Congress) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রক
লখিমপুর খেরিতে (Lakhimpur Kheri) রবিবার ঠিক কী ঘটনা ঘটেছিল, তা নিয়ে আন্দোলনরত কৃষক এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে আশিস মিশ্র ভিন্ন দাবি করছেন। তবে কংগ্রেসের (Congress) তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশ করা হয়েছে (যার সত্যতা যাচাই করেনি ওয়ানইন্ডিয়া বেঙ্গলি), যেখানে দেখা যাচ্ছে দ্রুতগামী একটি জিপ চলে যাচ্ছে আন্দোলনরত কৃষকদের (Agitating Farmers) ওপর দিয়ে।

কংগ্রেসের ভিডিও
সোশ্যাল মিডিয়ায় কংগ্রেস একটি ভিডিও প্রকাশ করেছে। যেখানে দেখা যাচ্ছে, বিক্ষোভরত কৃষকরা রাস্তার ওপরে রয়েছেন। আর একটি জিপ তাদের ওপর দিয়ে চলে যাচ্ছে। ভিডিওতে পরিষ্কার দেখা গিয়েছে সাদা জামা এবং সবুজ পাগরি পরা এক কৃষক জিপের বোনেটের ওপরে পড়েছেন, সেই অবস্থায়ই চলে যায় জিপ। অন্যরা নিজেদের বাঁচাতে পাশে সরে যাচ্ছেন, তাও দেখা গিয়েছে ওই ভিডিওতে। ভিডিওতে দেখা গিয়েছে, আহতদের প্রতি কোনও নজর না দিয়েই এগিয়ে চলেছে জিপটি। তার পিছনেই রয়েছে একটি কালো এসইউভি।
সেই ভিডিওতে দেখা গিয়েছে অন্তত ছয়-সাতজন রাস্তার ধারে পড়ে রয়েছেন, সেই পরিস্থিতির মধ্যেও দুটি গাড়ি বেরিয়ে যাচ্ছে গাড়ি দুটি।

মোদী সরকারের নীরবতা নিয়ে প্রশ্ন
কংগ্রেসের তরফে উত্তর প্রদেশের লখিমপুর খেরির ঘটনায় নীরবতা নিয়ে প্রশ্ন করা হয়েছে। বলা হয়েছে, মোদী সরকারের নীরবতা কি বিষয়টিকে আরও জটিল করে তোলেনি?

রবিবার আটজনের মৃত্যু
রবিবার ভারত-নেপাল সীমান্তবর্তী লখিমপুর খেরির টিকুনিয়ায় হিংসা ছড়িয়ে পড়ে। সেই ঘটনায় ৪ কৃষক-সহ আটজনের মৃত্যু হয়। অভিযোগ, বিক্ষোভরত কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের কনভয় নিয়ে সংঘর্ষ। যদিও আশিস মিশ্র দাবি করেছেন, তিনি রবিবার ঘটনাস্থলে থাকা কোনও গাড়িতে কিংবা আশপাশে ছিলেন না।

বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ
উত্তর প্রদেশ সরকারের তরফে সোমবারই জানানো হয়েছে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে লখিমপুর খেরির ঘটনার তদন্ত করানো হবে। ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে আশিস মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়াও উত্তর প্রদেশ সরকারের তরফে মৃত চার কৃষকের প্রত্যেক পরিবারকে ৪৫ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথাও ঘোষণা করেছে।
অন্যদিকে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে লখিমপুর খেরিতে ১৪৪ ধারা জারির পাশাপাশি ইন্টারনেট বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সোমবারই বিভিন্ন বিরোধী নেতা সেখানে যাওয়ার চেষ্টা করলে তাঁদের আটক করে উত্তর প্রদেশ প্রশাসন। লখনৌতে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাড়ির থেকে বেরোতে বাধা দেওয়া হলে, তাঁকে নিয়ে যাওয়া হয় স্থানীয় থানায়। অন্যদিকে, কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে লখিমপুর খেরির পথে সীতাপুরে আটক করে গেস্ট হাউসে বন্দি করা হয়।












Click it and Unblock the Notifications