পিকেকে মান্যতা দিয়ে নেতৃত্ব বদলের ভাবনা কমিটির রিপোর্টে, সোনিয়া কোন পথে হাঁটবেন
রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন কংগ্রেসে অ-গান্ধী নেতৃত্ব প্রয়োজন। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হল নেতৃত্ব বদল জরুরি, তা প্রস্তাবে জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরও।
রাহুল গান্ধী অনেক আগেই বলেছিলেন কংগ্রেসে অ-গান্ধী নেতৃত্ব প্রয়োজন। কংগ্রেসকে পুনরুজ্জীবিত করতে হল নেতৃত্ব বদল জরুরি, তা প্রস্তাবে জানিয়েছেন ভোট কৌশলী প্রশান্ত কিশোরও। এবার সোনিয়া গান্ধীর গড়া সাত সদস্যর প্যানেলও জানিয়েও দিল কংগ্রেসে অ-গান্ধী সভাপতি দরকার। এবার সোনিয়ার কোর্টে বল। তিনি কী সিদ্ধান্ত নেন সেটাই দেখার।

অ-গান্ধী সভাপতির পক্ষেই সায় দেওয়া হয়েছে রিপোর্টে
ভোট কৌশলী প্রশান্ত কিশোর কংগ্রেস হইকম্যান্ডের সঙ্গে বৈঠকে সম্প্রতি একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন। কংগ্রেসের পুনরুজ্জীবনের লক্ষ্যে সেই প্রস্তাব খতিয়ে দেখতে সাত সদস্যের একটি কমিটি গঠন করেন সোনিয়া গান্ধী। সেই কমিটি সম্প্রতি রিপোর্ট জামা দিয়েছে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে। সূত্রের খবর, সেই রিপোর্টে মান্যতা দেওয়া হয়েছে প্রশান্ত কিশোরের প্রস্তাবকে। অ-গান্ধী সভাপতির পক্ষেই সায় দেওয়া হয়েছে রিপোর্টে।

কোনও সিনিয়র নেতাকে ভাবা হচ্ছে কংগ্রেস সভাপতি পদে
প্রশান্ত কিশোরের পরামর্শমতো পি চিদম্বরম, প্রিয়াঙ্কা গান্ধী, অশোক গেহলট, রণদীপ সুরজেওয়ালা-সহ সাত সদস্যের কমিটি রিপোর্ট দিয়েছে গান্ধী পরিবারের বাইরে কাউকে কার্যনির্বাহী সভাপতি বা সহ সভাপতি করা হোক। তাঁর হাতেই থাকবে লোকসভা ও আসন্ন বিধানসভা ভোট পরিচালনার মূল দায়িত্ব। অশোক গেহলট বা তাঁর মতো কোনও সিনিয়র নেতাকে এই পদের জন্য ভাবা হচ্ছে।

রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদ ছেড়ে যে সওয়াল করেন
রাহুল গান্ধী কংগ্রেস সভাপতি পদ ছেড়ে সওয়াল করেছিলেন তিনি বা গান্ধী পরিবারের কেউ ওই পদে বসবেন না। এই পদে বসাতে হবে অ-গান্ধী কোনও নেতাকে। তারপর একাধিকবার কংগ্রেস সভাপতি পদে অন্য কোনও নেতাকে বসানোর তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু তা চূড়ান্ত হয়নি। বাধ্যতামূলকভাবে সোনিয়া গান্ধী অন্তর্বর্তীকালীন সভাপতির দায়িত্ব সামলেছেন। এখনও সেই দায়িত্ব তাঁর কাঁধে রয়েছে।

কংগ্রেসে নতুন সভাপতিকে দেখা যেতে পারে
তবে এবার সময় হয়েছে নতুন কোনও সিদ্ধান্ত নেওয়ার। এই অবস্থায় প্রশান্ত কিশোর একগুচ্ছ প্রস্তাব দিয়েছেন কংগ্রেসেকে পুনর্জাগ্রত করার। কংগ্রেসের হাল ফেরানোর সেই প্রস্তাবের একটি হল অ-গান্ধী সভাপতি। ২০২৪-এর লোকসভা ও আসন্ন একাধিক রাজ্যের বিধানসভা ভোটের আগে কংগ্রেসে তাই নতুন সভাপতিকে দেখা যেতে পারে। সোনিয়া গান্ধীও তেমন ইঙ্গিত দিয়েছেন।

কার কাঁধে দায়িত্ব বর্তাবে গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেসের
এখন দেখার কাকে বসানো হয় কংগ্রেসের ওই হটসিটে। কার কাঁধে দায়িত্ব বর্তায় গ্র্যান্ড ওল্ড পার্টি কংগ্রেসের। কংগ্রেসকে ২০২৪-এ জেতাতে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে প্রশান্ত কিশোরের। সেই সংক্রান্ত একাধিক প্রস্তাবও খতিয়ে দেখা হয়েছে। প্রশান্ত কিশোরের সেই প্রস্তাব মনপসন্দ হয়েছে কংগ্রেসের বেশিরভাগ অংশের। এখন দেখার সেই প্রস্তাব কংগ্রেস কতটা বাস্তবায়িত করতে পারে।












Click it and Unblock the Notifications