লোকসভায় বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী! খাড়গের বাড়িতে ইন্ডিয়া ব্লকের বৈঠকে সিদ্ধান্ত
রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভায় বিরোধী দলের নেতা মনোনীত করা হয়েছে। দলের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল বিরোধী দলগুলির ফ্লোর নেতাদের বৈঠকের পরে এই ঘোষণা করেছেন।
কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, লোকসভার বিরোধী দলের নেতা হিসেবে রাহুল গান্ধীকে নিয়োগের সিদ্ধান্ত জানিয়ে প্রোটেম স্পিকার ভর্তৃহরি মহতাবকে চিঠি দিয়েছেন সিপিপি চেয়ারপার্সন সনিয়া গান্ধী। কংগ্রেসের সাধারণ সম্পাদক জানিয়েছেন, অন্য পদাধিকারীদের ব্যাপারে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।

নয়াদিল্লিতে বৈঠক
এদিন নয়াদিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাড়িতে ইন্ডিয়া ব্লকের নেতাদের নিয়ে বৈঠক হয়। সেখানেই রাহুল গান্ধীকে বিরোধী দলনেতা করার সিদ্ধান্ত নেওয়া হয়। এনসিপি নেত্রী সুপ্রিয়া সুলে, তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন এবং রাষ্ট্রীয় লোকতান্ত্রিক পার্টির নেতা হামুনান বেনিওয়াল উপস্থিত নেতাদের মধ্যে ছিলেন।
গত সপ্তাহেই ইঙ্গিত
গত সপ্তাহে রাহুল গান্ধী কার্যত ইঙ্গিত দিয়েছিলেন, তিনিই এবার লোকসভায় বিরোধী দলনেতা হতে যাচ্ছে। কারণ দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে তাঁকে বলেছিলেন, লোকসভায় বিরোধী দলনেতা হওয়ার দলীয় প্রস্তাব যদি তিনি গ্রহণ না করেন, তাহলে তাঁর (রাহুল) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিরোধীরা খুশি
শিবসেনা ইবিটি নেতা আনন্দ দুবে বলেছেন, কংগ্রেস ইন্ডিয়া ব্লকের সব থেকে বড় দল। ২০২৪-এর লোকসভা নির্বাচনে তারা ৯৯ টি আসন জিতেছে। এই জয়ে রাহুল গান্ধীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিরোধীরা আনন্দিত যে, তাঁকে বিরোধী দলের নেতা নিযুক্ত করা হয়েছে।
লোকসভায় শপথ নিয়েছেন রাহুল
রাহুল গান্ধী পাঁচবারের সাংসদ। এবার তিনি রায়বরেলি কেন্দ্রের প্রতিনিধিত্ব করছেন। মঙ্গলবার সংবিধানের প্রতিলিপি হাতে নিয়ে সাংসদ হিসেবে শপথ নিয়েছেন। আঠারোতম লোকসভায় কংগ্রেস একক বৃহত্তম বিরোধী দল। ২০১৪ ও ২০১৯-এ লোকসভার সদস্য সংখ্যা কম থাকায় (প্রয়োজনীয় ১০ শতাংশ সদস্য না পাওয়ায়) তারা বিরোধী দলের মর্যাদা পায়নি।
বুধবার লোকসভার স্পিকার পদে নির্বাচন। তার আগে বিরোধী দলনেতা হিসেবে রাহুল গান্ধী মনোনীত হওয়া তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।












Click it and Unblock the Notifications