সত্য বলতে বাধা! জেপি নাড্ডার রিমোট কন্ট্রোল কার হাতে? মোদীকে পাল্টা নিশানা খাড়গের
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আক্রমণের জবাব দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেসের রিমোট কন্ট্রোল কার হাতে প্রশ্ন করে মল্লিকার্জুন খাড়গেকে নিশানা করেছিলেন প্রধানমন্ত্রী। তার জবাব দিতে দিয়ে কংগ্রেস সভাপতি প্রশ্ন করেছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডার রিমোট কন্ট্রোল কার হাতে।

বেলাগাভিতেই জবাব
প্রধানমন্ত্রী মোদী কর্নাটকের বেলাগাভি সফরে গিয়ে বলেছিলেন, খারগে কংগ্রেস সভাপতি হলেও রিমোট কন্ট্রোল রয়েছে অন্য কারও হাতে। এর উত্তর দিতে গিয়ে সেই বেলাগাভিতেই খাড়গে বলেছেন, ঠিক আছে তাঁর (খারগের) রিমোট কন্ট্রোল অন্য কারও হাতে রয়েছে। কিন্তু বিজেপি সভাপতি জেপি নাড্ডার রিমোট কন্ট্রোল কার হাতে রয়েছে, প্রশ্ন করেছেন খাড়গে।

যে কোনও কিছুর জন্য প্রস্তুত
সত্য কথা বলার জন্য দলের নেতা রাহুল গান্ধীকে মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার অসুবিধার মধ্যে ফেলছে বলে অভিযোগ করে কংগ্রেস সভাপতি বলেছেন, তারা যে কোন বিষয়ের জন্য তৈরি আছেন। ইডি-সিবিআইকে ভয় করেন না বলেও জানান খারগে। দলের যুব ক্রান্তি সমাবেশে খাড়গে বলেন, বিজেপির দুর্বল জায়গাগুলো নিয়ে কংগ্রেস বলবে। বিজেপির সাহসের অভাব রয়েছে বলেও কটাক্ষ করেছেন তিনি।
এই সমাবেশে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল, রণদীপ সুরজেওয়ালা, রাজ্য কংগ্রেস সভাপতি ডিকে শিবকুমার, বিধানসভায় বিরোধী দলনেতা সিদ্দারামাইয়ার মতো আরও অনেকে।

বেলাগাভিতে প্রধানমন্ত্রী ঠিক কী বলেছিলেন
প্রসঙ্গত ২৭ ফেব্রুয়ারি বেলাগাভিকে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি বলেছিলেন, খাড়গের বয়স হওয়া সত্ত্বেও একটি পরিবার তাঁকে অসম্মান ও অপমান করেছে। তিনি আরও বলেছিলেন খারগে শুধুমাত্র সভাপতি। সব কিছু দেখেই বোঝা যায় এর রিমোট কন্ট্রোল ঠিক কার হাতে রয়েছে।

সত্য কথা বলতে দিচ্ছেন না
কংগ্রেস সভাপতি প্রধানমন্ত্রীকে নিশানা করে অভিযোগ করেছেন, সত্যি কথা বলতে দেওয়া হচ্ছে না। তিনি বলেছেন, রাহুল গান্ধী লোকসভায় আদানি-হিন্ডেনবার্গ ইস্যুতে প্রশ্ন করলেও, তা লোকসভার রেকর্ড থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁর মন্তব্যও রাজ্যসভার রেকর্ড থেকে সরানো হয়েছে বলেও জানান তিনি।
খারগে প্রশ্ন করেন, দেশে গণতন্ত্র ঠিকভাবে চলছে না বলাটা কি ভুল? দেশে এখনও জাতপাত রয়েছে, তাও কি বলা যাবে না?

ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক
সামনেই কর্নাটক বিধানসভার নির্বাচন। সেই নির্বাচনে দলের নেতা ও কর্মীদের কাছে ঐক্যবদ্ধ লড়াইয়ের আহ্বান জানিয়েছেন খাড়গে। রাজ্য কংগ্রেসের তরফে ইতিমধ্যে একাধিক নির্বাচনী প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতিটি পরিবারকে বিনামূল্যে ২০০ ইউনিট বিদ্যুৎ, পরিবারের মহিলা প্রধানকে ২০০০ টাকা করে মাসিক সহায়তা এবং বিপিএল পরিবারভুক্ত প্রত্যেক সদস্যরা ১০ কেজি করে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়ার কথা বলা হয়েছে।












Click it and Unblock the Notifications