চলছে দিল্লি নির্বাচনের গণনা, তবে আপ-বিজেপি লড়াইয়ের মাঝে প্রথমবার খাতা খুলল কংগ্রেস, এগিয়ে গেল ১টি আসনে
দিল্লির ৭০টি বিধানসভা আসনের ভোট গণনা চলছে, যেখানে সর্বশেষ প্রবণতা ইঙ্গিত দিচ্ছে যে কংগ্রেস অবশেষে তাদের খাতা খুলতে পারে। ২০১৫ ও ২০২০ সালের নির্বাচনে শূন্য আসন পাওয়া দলটি এবার বাদলি আসন থেকে এগিয়ে রয়েছে, যা আগে আম আদমি পার্টির দখলে ছিল।
কংগ্রেসের দিল্লি ইউনিটের সভাপতি দেবেন্দর যাদব উত্তর-পশ্চিম দিল্লির বাদলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী আপের আজেশ যাদব ও বিজেপির দীপক চৌধুরী।

দিল্লির রাজনীতিতে নিজেদের অবস্থান পুনরুদ্ধার করতে কংগ্রেসের শীর্ষ নেতারা-মল্লিকার্জুন খাড়গে, রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী বঢরা-নির্বাচনের আগে একাধিক সভা করেছেন। কিন্তু তারপরও বেশ কয়েকটি এক্সিট পোল পূর্বাভাস দিয়েছিল যে দলটি আবারও শূন্য পেতে পারে। তবে সে জায়গায় ফলাফলে দেখা যাচ্ছে, একটি আসনে এগিয়ে রয়েছে হাত শিবির।
প্রসঙ্গত, বলে রাখা ভালো, দিল্লিতে কংগ্রেস শেষবারের মতো ২০১৩ সালে বিধানসভা নির্বাচনে আটটি আসন জিতেছিল। সেই বার হাত শিবির ২৪.৫৫% ভোট পেয়েছিল, যেখানে বিজেপি ৩৩.০৭% ও আপ ২৯.৪৯% ভোট পেয়েছিল।
সেই নির্বাচনে বিজেপি ৩১টি আসন নিয়ে একক বৃহত্তম দল হয়েছিল, কিন্তু সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়। অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আপ ২৮টি আসন পেয়ে কংগ্রেসের সমর্থনে সরকার গঠন করেছিল, তবে সেই জোট মাত্র ৪৯ দিন স্থায়ী হয়।
এই নির্বাচনে মূল লড়াই হচ্ছে ক্ষমতাসীন আপ ও বিজেপির মধ্যে। আপ টানা চতুর্থবার জয়ের দিকে তাকিয়ে আছে, অন্যদিকে বিজেপি ১৯৯৮ সালের পর প্রথমবার দিল্লির ক্ষমতায় ফেরার চেষ্টা করছে। সর্বশেষ ট্রেন্ড অনুসারে, বিজেপি অনেকটাই এগিয়ে রয়েছে আপের থেকে। তবে গণনা এখনও চলছে, ফলে লড়াই হাড্ডাহাড্ডিই হচ্ছে বলা যায়।












Click it and Unblock the Notifications