Rahul Gandhi On Manipur: 'মোদীর মতাদর্শেই জ্বলছে মণিপুর', প্রধানমন্ত্রীকে কড়া বার্তা রাহুলের
Rahul Gandhi On Manipur: নরেন্দ্র মোদী শুধুমাত্র কয়েকজনের প্রধানমন্ত্রী, সবার নন। মণিপুর ইস্যুতে আরও একবার প্রধানমন্ত্রীর দিকে আঙুল তুললেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর কথায়, মণিপুরের অশান্তিতে মোদীর কিছুই যায় আসে না, কারণ তিনি সবা প্রধানমন্ত্রী নন। মোদীর মতাদর্শেই মণিপুরে আগুন জ্বলছে বলে মন্তব্য করেছেন রাহুল।
একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন, আপনারা হয়ত ভেবে অবাক হচ্ছেন যে কেন প্রধানমন্ত্রী মণিপুরে যাচ্ছেন না বা এ বিষয়ে কোনও কথা বলছেন না। কারণ নরেন্দ্র মোদী কেবলমাত্র আরএসএস-এর কিছু সদস্যের প্রধানমন্ত্রী। মণিপুর নিয়ে তাঁর কোনও মাথাব্যাথা নেই।

রাহুলের আরও দাবি, বিজেপি ও আরএসএস শুধুমাত্র ক্ষমতা চায়। ক্ষমতার লোভেও ওরা মণিপুর পুড়িয়ে ফেলবে, গোটা দেশ জ্বালিয়ে দেবে। কংগ্রেস নেতা বলেন, ওরা দেশের মানুষের দুঃখ-কষ্টের কথা ভাবে না। প্রাক্তন সাংসদ রাহুল গান্ধীর ব্যাখ্য, বিজেপি-আরএসএস আর কংগ্রেসের মধ্যে মতাদর্শের একটা লড়াই চলছে। তাঁর কথায়, কংগ্রেস চায় দেশের সংবিধানকে সুরক্ষা দিতে আর বিজেপির মনোভাব পুঁজিবাদী।
এদিকে, বাদল অধিবেশনের শুরু থেকেই সংসদ উত্তপ্ত মণিপুর ইস্যু নিয়ে। কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গের দাবি, সংসদে অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রীকে এসে বিবৃতি দিতে হবে। তাঁর প্রশ্ন, রাজনৈতিক প্রচারে যদি মোদী রাজস্থানে গিয়ে বক্তৃতা দিতে পারেন, তাহলে কেন আধ ঘণ্টার জন্য সংসদে আসতে পারবেন না। কংগ্রেস সাংসদের কথায়, আসলে মোদীর পুরো বিষয়টাতে কোনও উৎসাহই নেই।
মণিপুর নিয়ে বিবৃতি আর আলোচনা চেয়ে বিরোধীরা রীতিমতো সরব হয়েছে সংসদে। দুই কক্ষ উত্তপ্ত অধিবেশনের প্রথম দিন থেকে। ইতিমধ্যেই তৃণমূলের একটি প্রতিনিধি দল মণিপুর থেকে ঘুরে এসেছে। ইন্ডিয়া জোটের সদস্যরাও ২৯ ও ৩০ জুলাই মণিপুর যাবেন বলে জানা গিয়েছে।
গত মে মাস থেকে মণিপুরের পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। প্রায় ১৫০ মানুষের মৃত্যু হয়েছে সে রাজ্যে। সম্প্রতি এক বিবস্ত্র মহিলার ভাইরাল ভিডিয়ো ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে মণিপুরে ।












Click it and Unblock the Notifications