Election Rules Amendment: জনমত ছাড়াই নির্বাচনী বিধি বদল! কেন্দ্রের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কংগ্রেস
Election Rules Amendment: মোদী সরকারের আনা নির্বাচনী বিধি সংশোধনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে (Supreme Court) কংগ্রেস। এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানালেন কংগ্রেসের (Congress) সাধারণ সম্পাদক জয়রাম রমেশ (Jairam Ramesh)। পোস্টে তিনি লেখেন, নির্বাচনী বিধিতে সম্প্রতি আনা সংশোধনী আটকাতে কংগ্রেসে তরফে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
১৯৬১ সালের নির্বাচনী সংক্রান্ত বিধিতে (Election Rules, 1961) গত ২১ ডিসেম্বর বেশকিছু সংশোধন এনেছে মোদী সরকার। তাতে নির্বাচনের পরে ইলেকট্রনিক কোনও নথির (Electronic Records) উপর আমজনতার নাগাল সীমাবদ্ধ করে দেওয়া হয়েছে।

ওই সমস্ত নথির অপব্যবহার রুখতে সংশোধনী আনা হয়েছে বলে যুক্তি কেন্দ্রের। সংশোধনীর ফলে নির্বাচনে কোনও প্রার্থীর ভিডিয়ো রেকর্ডিং, ওয়েবকাস্টিং ডেটা ও বুথের সিসিটিভি ফুটেজ আর সাধারণ মানুষ দেখতে পাবেন না।
সংশোধনীর তীব্র সমালোচনা করেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। এদিন জয়রাম রমেশ কেন্দ্রের এই পদক্ষেপকে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতার ক্ষেত্রে প্রতিবন্ধকতা বলে কটাক্ষ করেন। তিনি বলেন, "নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, যার দায়িত্ব সুষ্ঠু ও অবাধ নির্বাচন করানো। তাই জনগণের মতামত ছাড়াই একতরফাভাবে এমন গুরুত্বপূর্ণ আইন সংশোধন তারা করতে পারে না।"
এমন সংশোধনী এনে আদতে আমজনতার অধিকার খর্ব করা হচ্ছে বলে দাবি করেন জয়রাম রমেশ। গোটা নির্বাচনী প্রক্রিয়া ক্রমশ ভঙ্গুর হয়ে পড়েছে বলে মন্তব্য করেন কংগ্রেস নেতা। সুপ্রিমকোর্ট এই সংশোধনী বাতিল করবে বলে আশাবাদী কংগ্রেস।
এর আগে সংশোধনীর তীব্র সমালোচনা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে (Mallikarjun Kharge)। নির্বাচন কমিশনের (election commission) উপর জোরজুলুম করা হচ্ছে বলে তোপ দেগেছিলেন তিনি। এই সংশোধনীর আগে অবশ্য ইলেকট্রনিক রেকর্ডের উপর অধিকার ছিল আমজনতার।
সরাসরি ব্যালট পেপার-সহ কয়েকটি নথি বাদে ওয়েবকাস্টিং, ভিডিয়ো ফুটেজর উপর নাগাল পেতেন সাধারণ মানুষ। সংশোধনী এনে সেই অধিকারই কেড়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বৈদ্যুতিন নথি আর দেখতে পাবেন না আমজনতা।
কংগ্রেস ছাড়াও কেন্দ্রের সমালোচনায় মুখর হয়েছে সিপিএম-সহ অন্যান্য দল। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন এপ্রসঙ্গে বলেন, বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার সংশোধনী এনে গণতন্ত্রের হত্যা করছে। নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা মুছে ফেলতে কেন্দ্র সংশোধনী আনছে বলে এক্স পোস্টে সমালোচনা করেন তিনি।












Click it and Unblock the Notifications