বিধানসভা গণনার মাঝেই ইভিএম মেশিনের কারচুপি নিয়ে বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা
বিধানসভা গণনার মাঝেই ইভিএম মেশিনের কারচুপি নিয়ে বিতর্ক উস্কে দিলেন কংগ্রেস নেতা
মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই আপের ঝুলিতে এক–এক করে আসন সংখ্যা বাড়তে শুরু করে দিয়েছে। আম আদমি পার্টির অন্দরমহলে খুশির জোয়ার। কিন্তু এরই মধ্যে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং ইভিএম মেশিনে কারচুপি নিয়ে বিতর্ক উস্কে দিলেন। তিনি জানিয়েছেন চিপ থাকলেই যে সেই মেশিনের সঙ্গে কোনও কারসাজি করা যাবে না এমন কোনও প্রমাণ নেই। তিনি নির্বাচন কমিশন ও সুপ্রিম কোর্টকে দেশের ইভিএম মেশিনের ব্যবহার নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে বলেছে।

দিগ্বিজয় সিং টুইট করে বলেন, 'চিপ রয়েছে যে মেশিনে, তা দিয়ে কারচুপি হবে না এমনটা নয়। আর দুনিয়ার কোনও উন্নত দেশ কেন ইভিএম ব্যবহার করে না?’ তিনি আরও বলেন, 'নির্বাচন কমিশন ও মাননীয় সুপ্রিম কোর্ট তারা কি দয়া করে দেশে ইভিএম মেশিন ব্যবহারের বিষয়টি একটু খতিয়ে দেখবে? আমরা বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, কিছু অসাধু লোককে ভোটের ফল হ্যাক করতে দিতে ও ১.৩ মিলিয়ন মানুষের সিদ্ধান্তকে চুরি হয়ে যেতে দিতে পারি না আমরা।’ কংগ্রেস নেতা বলেন, 'গণনার সঙ্গে ভোট যদি মিলে যায় তবে ফলাফল ঘোষণা করে দিক। যদি তা না মেলে তবে বিধানসভার সমস্ত ভোটকেন্দ্রের ব্যালট গণনা করুক। এটি প্রত্যেককে বোঝাতে এবং সময় সাশ্রয় করতে পারে কারণ ইভিএমের পক্ষে এটিই নির্বাচন কমিশনের ধারাবাহিক যুক্তি ছিল।’
শনিবারই ৭০ আসন বিশিষ্ট দিল্লি বিধানসভা নির্বাচন হয়। নির্বাচন কমিশন রবিবারই ঘোষণা করেছিলেন যে ৬২.৫৯ শতাংশ ভোট পড়েছে যা ২০১৫ সালের তুলনায় পাঁচ শতাংশ কম। অন্যদিকে কংগ্রেসের আশা ছিল এ বছর ১০টি আসনে জয়ী হবে তারা কিন্তু মঙ্গলবার গণনার সময়ই চিত্রটা কিছুটা হলেও স্পষ্ট হয়েছে। একটি আসন পেয়েছে কংগ্রেস এখনও পর্যন্ত। মূলতঃ ২০১৫ সালে ৭০টি আসনের মধ্যে ৬৭টিতেই জিতে বিরোধীদের ধুয়েমুছে একরকম সাফ করে দেয় আপ। কংগ্রেসের ঝুলি ফাঁকা থেকে যায়।












Click it and Unblock the Notifications