করোনা মোকাবিলায় মোদীকে ৬ দফা প্রস্তাব খাড়গের, চিঠিতে কী লিখলেন রাজ্যসভার বিরোধী দলনেতা?
করোনা মোকাবিলায় মোদীকে ৬ দফা প্রস্তাব খাড়গের, চিঠিতে কী লিখলেন রাজ্যসভার বিরোধী দলনেতা?
বাঁধ ভাঙা করোনা সংক্রমণের জেরে নাজেহাল অবস্থা গোটা ভারতেরই। এদিকে দৈনিক আক্রন্তের সংখ্যা রোজই পেরিয়ে যাচ্ছে ৪ লক্ষের গণ্ডি। মারা যাচ্ছেন ৪ হাজারের বেশি মানুষ। এই কঠিন পরিস্থিতির মোকাবিলায় এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ৬ দফা প্রস্তাব পাঠালেন রাজ্যসভার বিরোধী দলনেতা কংগ্রেসের মল্লিকার্জুন খাড়গে। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডাকার প্রস্তাব
এদিকে করোনা মোকাবিলার ক্ষেত্রে মোদী সরকারের অবস্থানের শুরু থেকেই তীব্র সমালোচনা করে এসেছে কংগ্রেস। টিকাকরণ থেকে লকডাউন, প্রতিক্ষেত্রের ক্রুটি তুলে ধরে চাঁচাছোলা ভাষায় আক্রমণ শানিয়েছেন রাহুল গান্ধী। এমতাবস্থায় এবার মল্লিকার্জুন খাড়গের চিঠি নিয়ে শুরু হয়েছে জোরদার চর্চা। ওই চিঠিতেই দেশে মারণ করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে অবিলম্বে সর্বদলীয় বৈঠক ডেকে দলমত নির্বিশেষে সকলের মতামত শোনার অনুরোধ জানিয়েছেন তিনি।

মোদীকে কী প্রস্তাব দিলেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা ?
অন্যদিকে মোদীকে লেখা চিঠিতে দ্রুত টিকাকরণের পক্ষেও সওয়াল করেন এই বর্ষীয়ান কংগ্রেস নেতা। প্রধানমন্ত্রীর কাছে খাড়গের অনুরোধ, টিকাকরণের জন্য যে ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে তা যেন সর্বাংশে মানুষের কাজে লাগে। অন্যদিকে চাহিদা জোগান দিতে গিয়ে বাজারে আরও টিকা আনার ক্ষেত্রে সরকার কী কী ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে, সে ব্যাপারেও প্রধানমন্ত্রীকে বেশ কয়েকটি সুপারিশ করেছেন তিনি।

চিঠি লিখেছেন মনমোহন-সোনিয়া-রাহুলও
এদিকে করোনা মোকবিলায় এর আগে মনমোহন সিং, রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীও বেশ কয়েকটি প্রস্তাব দিয়ে চিঠি পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রীকে। কিন্তু কংগ্রেসের অভিযোগ সেসবই ডাস্টবিনে পাঠিয়ে দিয়েছে মোদী সরকার। এমনকী বিরোধীদের কথায় বিন্দুমাত্র কর্ণপাত না করার জন্যই ভারতের আজ এই অবস্থা বলে দাবি করা হয় কংগ্রেসের তরফে। এমতাবস্থায় মল্লিকার্জুন খাড়গের চিঠিকে কেন্দ্র গুরুত্ব সহকারে দেখে কিনা এখন সেটাই দেখার।

আর কী কী প্রস্তাব রাখলেন মল্লিকার্জুন ?
অন্যদিকে মোদীকে লেখা চিঠিতে টিকার উপর থেকে ৫ শতাংশ, পিপিই কিটের উপর ৫ থেকে ১২ শতাংশ, অ্যাম্বুল্যান্সের উপর ২৮ শতাংশ এবং অক্সিজেন কনসেনট্রেটরের উপর থেকে ১২ শতাংশ কর-ভার লাঘব করার দাবি জানিয়েছেন মল্লিকার্জুন। পাশাপাশি লকডাউনে ও করোনা সঙ্কটে প্রান্তিক মানুষদের দুর্দশা দূর করতে কেন্দ্রের 'মনরেগা' প্রকল্পে কাজের বদলে ন্যূনতম আয়ের কর্মসূচিতে মজুরির পরিমাণ ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করারও দাবি করেছেন তিনি।












Click it and Unblock the Notifications