নির্বাচনী হাওয়ায় তপ্ত বাংলা, নোটবন্দির কথা মনে করিয়ে মোদীকে ‘পরিবর্তন’ খোঁচা কপিল সিব্বালের
নির্বাচনী হাওয়ায় তপ্ত বাংলা, নোটবন্দির কথা মনে করিয়ে মোদীকে ‘পরিবর্তন’ খোঁচা কপিল সিব্বালের
একুশের ভোটযুদ্ধে বাংলাকে পাখির চোখ করেছে বিজেপি। ২০১১ সালে মমতা ব্যানার্জীর পর ২০২১ সালেও এবার মোদীর মুখে শোনা যাচ্ছে বাংলায় 'পরিবর্তনের’ ডাক। এমনকী সোমবার ডানলপের সভায় প্রধানমন্ত্রীকে বাংলায় 'আসল পরিবর্তনের’ ডাক দিতেও শোনা যায়। তৃণমূল সরকারের অপশাসনের হাত থেকে সেই পরিবর্তন আসবে গেরুয়া শিবিরের হাত ধরেই, এমনটাও দাবি করেন মোদী। এবার এই ইস্যুতেই মোদীকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করতে দেখা গেল কংগ্রেস নেতা কপিল সিব্বালকে। যা নিয়ে উত্তপ্ত রাজনৈতিক আঙিনা।

কপিলের সাফ বক্তব্য, “ মোদী কী ২০১৪ সালে আনা দেশের পরিবর্তনের কথা মনে করাচ্ছেন ? ” টুইটারে মোদীর 'পরিবর্তনকে’ কার্যত খোঁচা দিয়ে কপিলের প্রশ্ন নোটবন্দি, সরকার ফেলা, বিরোধীদের দোষী সাব্যস্ত করার পরিবর্তনের কথাই বলছেন কী মোদী ? এই পরিবর্তনই কী বাংলার মানুষকে দেখাতে চাইছেন। এদিকে এদিনই কংগ্রেসের এই বর্ষীয়ান নেতার টুইটের পর ব্যাপক শোরগোল শুরু হয়ে যায় রাজনৈতিক আঙিনায়। পাল্টা তোপ দাগতে থাকেন পদ্ম শিবিরের নেতারাও।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সালে দীর্ঘ প্রায় ৩৪ বছরের বাম জমানার অবসান ঘটিয়ে বাংলায় 'পরিবর্তন' আনার ডাক দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। 'বদলা নয় বদল চাই’ স্লোগানের কাঁধে ভর করেই এগিয়েছিল মমতার বিজয়রথ। কিন্তু, গত ১০ বছরে বাংলায় পরিবর্তন আসেনি বলে প্রায়শই সোচ্চার হয় রাজ্যের বিরোধীরা। এমনকী 'বেলা চাওয়ের’ অনুকরণে 'পিসি যাও’ প্যারোডিও বানিয়ে ফেলেছে বিজেপি। এমতাবস্থায় কপিল সিব্বলের মতো জাতীয় স্তরের কংগ্রেস নেতার এই মন্তব্য বাংলার রাজ্য-রাজনীতিতে বিশেষ ছাপ ফেলতে চলেছে বলেই মনে করতে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications