কংগ্রেসের ডুবন্ত জাহাজ বাঁচাতে মরিয়া কমল নাথ, অধিনায়কত্ব ফেরাতে আইনি পথই ভরসা
নির্বাচন কমিশনের নির্দেশে মধ্যপ্রদেশের তারকা প্রচারকের তালিকা থেকে নাম বাদ পড়েছে কংগ্রেস নেতা তথা সেরাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ। তবে উপনির্বাচনে কংগ্রেসের ডুবন্ত জাহাজকে বাঁচাতে দলের রাশ নিজের হাতেই রাখতে চাইছেন কমল নাথ। আর তাই নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিলেন কমল নাথ।

'আইটেম' কাণ্ডে বিপাকে কমল নাথ
কয়েকদিন আগেই এক নির্বাচনী প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে 'আইটেম' আখ্যা দেওযার প্রেক্ষিতেই কমল নাথের বিরুদ্ধে এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এর জেরে মধ্যপ্রদেশে 'আইটেম' কাণ্ডে আরও অস্বস্তিতে কংগ্রেস। তবে জ্যোতিরাদিত্য শিবিরের কাছে হেরে যাওয়ার আগে শেষ লড়াইয়ের জন্য মরিয়া কমল নাথ। আর তাই নির্বাচনের প্রাক্কালে নিজের তারকা প্রচারকের তকমা ফেরাতে সুপ্রিমকোর্টের দ্বারস্থ কমল নাথ।

কমল নাথের মন্তব্যকে ইস্যু বানিয়ে ময়দানে নামে বিজেপি
প্রসঙ্গত, মধ্যপ্রদেশ উপনির্বাচনের প্রচারের এক জনসভায় মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা কমল নাথ ইমারতি দেবীকে 'আইটেম' বলে সম্বোধন করেন। এর আগে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সঙ্গে ইমারতী দেবী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। এর প্রেক্ষিতেই তাঁকে উপনির্বাচনে টিকিট দেয় গেরুয়া শিবির। এদিকে নির্বাচনী উত্তাপে এহেন মন্তব্যকে ইস্যু বানিয়ে ময়দানে নামে বিজেপিও।

শিবরাজকে পাল্টা তোপ দেগেছিলেন কমল নাথ
মধ্যপ্রদেশের 'আইটেম' ইস্যুতে নির্বাচন কমিশনে কমল নাথের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছিল বিজেপি। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমল নাথের মন্তব্যের প্রতিবাদে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে দুই ঘণ্টার জন্য মৌনব্রত পালন করেন। যদিও এই বিষয়ে শিবরাজকে পাল্টা তোপ দেগেছিলেন কমল নাথ।

নির্বাচন কমিশনের কোপে পড়তে হল কমল নাথকে
এর পরই ২১ অক্টোবর 'আইটেম' কাণ্ডে জাতীয় নির্বাচন কমিশন কমল নাথকে নোটিশ জারি করে। ৪৮ ঘণ্টার সময়সীমা নির্ধারণ করে দিয়ে এই ইস্যুতে তাঁর অবস্থান জানতে চেয়েছিল কমিশন। অবশ্য এই ঘটনার প্রেক্ষিতে আগেই প্রাক্তন মুখ্যমন্ত্রী সাফাই দেওয়ার চেষ্টা করেছিলেন। তবুও নির্বাচন কমিশনের কোপে পড়তে হল কমল নাথকে।












Click it and Unblock the Notifications