নীতীশ কুমার 'পাল্টি' খেয়েছেন, এবার মমতা বন্দ্যোপাধ্যায়...! ৪০ আসন মন্তব্যে জবাবে আর কী বলল কংগ্রেস
শুক্রবার তৃণমূল সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসন্ন লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০ আসন পাবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন। এদিন তার জবাব দিয়েছে কংগ্রেস। এটা যে কোনও স্থানীয় পর্যায়ের নির্বাচন নয়, তা সবার বোঝা উচিত বলে মন্তব্য করেছেন কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ।
কংগ্রেস সাধারণ সম্পাদক জয়রাম রমেশ পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, তারা ধরে নিচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া ব্লকের একটি অংশ, যেখানে ২৭ টি দল জোট গঠন করেছে। তাঁর (মমতা) দাবি অনুযায়ী, তাঁর অগ্রাধিকার হল বিজেপির বিরুদ্ধে লড়াই করা। অন্যদিকে কংগ্রেসের অগ্রাধিকার হল বিজেপির বিরুদ্ধে লড়াই করা। তিনি আরও বলেছেন, তিনি মনে করেন, যদি সবাই একসঙ্গে হন, তাহলে ভাল হয়।

কংগ্রেসের সাধারণ সম্পাদক বলেন, পটনা, বেঙ্গালুরু ও মুম্বইতে সবাই একসঙ্গে ছিলেন। কিন্তু এর মধ্যে কিছু একটা হয়েছে বলে মনে হচ্ছে। নীতীশ কুমার পাল্টি খাওয়ার পরে মমতা বন্দ্যোপাধ্যায় এমন মন্তব্য করছেন। তিনি মনে করেন, সবার উপলব্ধি করা উচিত এটা স্থানীয় কোনও নির্বাচন নয়।
প্রসঙ্গত শুক্রবার কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে কটাক্ষ করে বলেছিলেন, কংগ্রেসের ৪০ আসন জেতা নিয়ে তাঁর সন্দেহ রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি দুটি আসন অফার করেছিলেন, যে দুটি তিনি জিতিয়ে দিতেন। কিন্তু তারা (কংগ্রেস) আরও চেয়েছিল। তারপরেই তিনি জোট প্রত্যাখ্যান করেন এবং ৪২ টি আসনে লড়াইয়ের সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন।
মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসকে নিশানা করে বলেছিলেন, যদি ক্ষমতা থাকে তো উত্তর প্রদেশ, রাজস্থান ও মধ্যপ্রদেশে বিজেপিকে পরাস্ত করুন। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪০ আসন মন্তব্যের কয়েক ঘন্টা আগেও রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন বাংলায় জোট নিয়ে আলোচনা চলছে। অর্থাৎ কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট নিয়ে আগ্রহী, তা প্রকাশ পেয়েছিল।
অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য প্রসঙ্গে কংগ্রেস নেতা জয়রাম রমেশ বলেছেন, কংগ্রেস অবশ্যই উত্তর প্রদেশে যাবে। তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মনে কোনও সন্দেহ থাকা উচিত নয়। ভারত জোড়ো ন্যায় যাত্রা ১১ দিনের জন্য উত্তর প্রদেশে থাকবে বলে জানান তিনি। প্রসঙ্গত শুক্রবার রাহুল গান্ধীর নেতৃত্বে ভারত জোড়ো ন্যায় যাত্রা পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে প্রবেশ করেছে।
এদিকে শনিবার রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্না মঞ্চ থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে বিজেপির সব থেকে বড় দালাল বলে আক্রমণ করেছেন। যার জবাব দিয়েছেন অধীর চৌধুরীও।












Click it and Unblock the Notifications