Congress: ৬৫ কোটি টাকা তুলে নিয়েছে আয়কর বিভাগ! অজয় মাকেনের দাবি ঘিরে হৈচৈ কাণ্ড
Congress: অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা তুলে নিয়েছে আয়কর বিভাগ! আর তা তোলা হয়েছে কংগ্রেস এবং যুব কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে। চাঞ্চল্যকর দাবি কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেনের। যেখানে আয়কর সংক্রান্ত মামলা আদালতে বিচারাধীন সেখানে এহেন পদক্ষেপ নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। পুরো পদক্ষেপ অগণতান্ত্রিক বলেও দাবি করেছেন বর্ষীয়ান এই কংগ্রেস নেতা।
তবে এই বিষয়ে ইনকাম ট্যাক্স অ্যাপিলেট ট্রাইবুনালের দ্বারস্থ হতে চলেছে কংগ্রেস। গত সপ্তাহেই কর সংক্রান্ত মামলায় বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয় আয়কর দফতর। আর তা সচল করতে ২১০ কোটি টাকা আয়কর দফতর দাবি করেছে বলে দাবি কংগ্রেসের। এই খবর প্রকাশ্যে আসতেই রীতিমতো শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে।

দেশের ইতিহাসে এমন ঘটনা আগে কখনও ঘটেনি বলে দাবি করেন কংগ্রেসের কোষাধ্যক্ষ অজয় মাকেন। আর সেই বিতর্কের মধ্যেই ফের চাঞ্চল্যকর অভিযোগ তাঁর। বলেন, করের টাকা আদায় করতে আয়কর বিভাগ বিভিন্ন ব্যাঙ্ককে চিঠি লিখে কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ৬৫ কোটি টাকা তুলে নিয়েছে।
১১৫ কোটি প্রদেয় করের মধ্যে এই পরিমাণ টাকা আয়কর দফতর উদ্ধার করেছে বলে খবর। ট্রাইবুনালের নির্দেশ দেখেই এই পদক্ষেপ আয়কর দফতর করেছে বলে খবর। আর এরপরেই এই বিষয়ে গর্জে ওঠে কংগ্রেস হাইকমান্ড। আয়কর দফতরের কাজের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে টুইট করে অজয় মাকেন।
যেখানে গোটা প্রক্রিয়াকে 'গণতন্ত্র বিরোধী' বলে আখ্যা দিয়েছেন। এমনকি ট্রাইবুনালের নির্দেশ সামনে আসার আগেই আয়কর দফতরের এহেন পদক্ষেপ কিসের জন্য তা নিয়েও প্রশ্ন তুলেছেন কংগ্রেসের কোষাধ্যক্ষ। তবে এই বিষয়ে ট্রাইবুনালের নির্দেশ না আসা পর্যন্ত কোনও পদক্ষেপ না করা হয় সে বিষয়ে আয়কর দফতরকে কড়া বার্তা দিয়েছে কংগ্রেস।
এই বিষয়ে অজয় মাকেন বলেন, কংগ্রেসের অ্যাকাউন্ট থেকে ৬০.২৫ কোটি টাকা এবং যুব কংগ্রেস এবং NSUI-এর অ্যাকাউন্ট থেকে পাঁচ কোটি টাকা স্থানান্তর করা হয়েছে। তবে রাজনৈতিক দলগুলির ক্ষেত্রে আয়কর দেওয়া সাধারণ ব্যাপার নয়। একই ভাবে বিজেপিও কি আয়কর দেয়? প্রশ্ন কংগ্রেস নেতার।












Click it and Unblock the Notifications